চীনের ক্লাব সাংহাই শেনহুয়া দাবি করেছে দিদিয়ের দ্রগবা এখনো তাদের খেলোয়াড়। কাজেই তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে সাবেক চেলসি খেলোয়াড়টির যোগদান চুক্তির বরখেলাপ। শুধু তাই নয়, এ ব্যাপারে ফিফার কাছে আবেদনের পরিকল্পনা করছে দলটি।
দ্রগবা ১৮ মাসের চুক্তিতে গ্যালাতাসারেতে যোগদানের ঘোষণা দেন।
এ সপ্তাহের শুরুতে দ্রগবা এবং তুর্কি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা গ্যালাতাসারের মধ্যে নতুন চুক্তি হয়েছে বলে ঘোষণা করে দুই পক্ষই । এর অর্থ হচ্ছে গত মৌসুম শেষে চেলসি থেকে আড়াই বছরের চুক্তিতে শেনহুয়ায় যোগ দেয়া এই আইভরি কোস্ট তারকা মাত্র ১১ ম্যাচেই তার চীন অধ্যায় শেষ করলেন। তিনি ২০১২ সালের জুনে আড়াই বছরের চুক্তিতে চীনে পাড়ি জমিয়েছিলেন।
শেনহুয়া তাদের ক্লাবের ওয়েবসাইটে দাবি করেছে দ্রগবা এখনো তাদের খেলোয়াড় এবং গ্যালাতাসারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়ে খেলোয়াড়টি চুক্তির পরিষ্কার বরখেলাপ করেছেন। চীনা ক্লাবটির বক্তব্যে বলা হয়,‘দ্রগবা এখনো পর্যন্ত সাংহাই শেনহুয়া ফুটবল ক্লাবের একজন এবং দুইপক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল তা এখনো ফুরিয়ে যায়নি।’
তুরস্কের ক্লাবটির সমালোচনা করে শেনহুয়ার পক্ষ থেকে বলা হয়,‘গ্যালাতাসারে চুক্তিধীন একজন খেলোয়াড়ের সাথে যোগাযোগ করে যেভাবে নিয়ম ভঙ্গ করেছে তা দেখে আমরা খুবই হতাশ।’এ বিষয়ে ফিফার হস্তক্ষেপ কামনা করবে জানিয়ে তারা আরও বলে,‘ ক্লাবের স্বার্থ সমুন্নত রাখা এবং আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাংহাই শেনহুয়া এ সম্পর্কিত সমস্ত তথ্য প্রমাণাদি ফিফার কাছে পাঠানোর পরিকল্পনা করছে।’
