ওয়ার্ল্ড হকি লিগ

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
বাংলাদেশ আসন্ন ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। ভারতের নতুন দিল্লীতে অনুষ্ঠিত হবে এই পর্বের খেলাগুলো। আগামী ১৮-২৪ ফেব্রুয়ারি দিল্লীতে হতে যাওয়া এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছয়টি দেশের মধ্যে আজারবাইজানের পরিবর্তে ওমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালি চীনের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি ওমান, ২৩ ফেব্রুয়ারি ফিজি, ২৪ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলবে শক্তিশালি ও স্বাগতিক ভারতের বিরুদ্ধে। বাংলাদেশের হকির চল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানাতে গতকাল দুপুরে হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা ওয়ার্ল্ড হকির সূচি সম্পর্কে জানান দেন। চল্লিশ বছর পূর্তি উদযাপন করতে হকি ফেডারেশন আগামী শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। হকিতে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে কোচ খেলোয়াড়, পৃষ্ঠপোষক এবং কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হবে। একই সাথে দুই সাংবাদিক মরহুম আব্দুল হামিদ (মরণোত্তর) এবং প্রতিথযশা ও বর্ষীয়ান মুহাম্মদ কামরুজ্জামানকে সম্মাননা দেয়া হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় আসবেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়েন নেগরে এবং বাংলাদেশের উপদেষ্টা হকি কোচ মাইকেল কিনান। দুই জনই আজ সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে। হকি সভাপতির কাছে বাংলাদেশের হকি উন্নয়নের জন্য বেশ কিছু সহযোগিতা চাইবে ফেডারেশন। এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় হকি দলটিকে ইউরোপে খেলানোর সুযোগ করে দেয়া, পাবলো নেফ্রে অ্যাওয়ার্ড প্রবর্তন করা, দীর্ঘমেয়াদের জন্য কোচ চাওয়া। এছাড়াও হকির জন্য টার্ফ চাইবে ফেডারেশন। এসব কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।