বার্সেলোনা ঢাকায় আসতে চায় ৩০ লাখ ইউরো পেলে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা ৩০ লাখ ইউরো পেলে ঢাকায় খেলতে আসতে রাজি। আগের আলোচনার সূত্র ধরে এ বছরের আগস্টে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে এই পরিমাণ অর্থ চেয়েছে স্পানিশ জায়ান্টদের এজেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এ তথ্য জানা গেছে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকারও বেশি দিতে হবে লিওনেল মেসির দলকে। তবে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে। এরপরও সালাহউদ্দিন বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা করছি। আমার ইচ্ছা আছে বার্সেলোনাকে আনার। আমি হাল ছাড়ব না।’ জানা গেছে বাফুফে এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে আলোচনা করবে। বার্সেলোনা ঢাকায় এলে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ দলটি কে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রতিপক্ষ দলটির জন্যও বাড়তি খরচ হবে অনেক টাকা। সেটা ইঙ্গিত দিয়েছেন বাফুফে সভাপতি। বাফুফে সভাপতি তার গত মেয়াদের শেষদিকে জানিয়েছিলেন বার্সেলোনা, ম্যানইউ কিংবা চেলসিকে ঢাকায় আনার চেষ্টা করবেন। তখন থেকেই বার্সেলোনাকে আনার জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে বাফুফের সভাপতির সাথে গতকাল যোগাযোগ করা হয়। উল্লেখ্য, ২০১১ সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে ঢাকায় এনেছিল বাফুফে। তখন মেসির খেলা উপভোগ করেন ফুটবল অনুরাগীরা।