মতলবে এনজিও’র ব্যানারে ভিজিডি কার্ড বিতরণ করায় কৈফিয়ত তলব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৭
দুঃস্থ, অসহায় অতিদরিদ্র নারীদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নকৃত সরকারি ভিজিডি কার্ড এনজিও’র ব্যানারে বিতরণ করায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে কৈফিয়ত তলব করা হয়েছে। গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন আমেনা বেগমকে ৭ কর্মদিবসের মধ্যে এহেন আচরণের যথোপযুক্ত কারণ দর্শাতে নির্দেশ প্রদান করেন। গত ১৫ জানুয়ারি যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে এনজিও ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা, ডিস্ট্রিক্ট ৩২৮’ এর ব্যানারে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ও ফতেপুর পূর্ব ইউনিয়নের অতিদরিদ্র ১শ’ ১০ জনকে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।