আসছে মমতাজের একক অ্যালবাম

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
দীর্ঘদিন পর আবারো হাসান মতিউর রহমানের সুর ও সঙ্গীতে একক অ্যালবাম করছেন শিল্পী মমতাজ। এছাড়া এই শীত মৌসুমে টানা স্টেজ শো করছেন তিনি। গেল মাসে বেশ কটি গণসচেতনামূলক গানেও অংশ নেন তিনি। এর পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘সত্তা’ চলচ্চিত্রে গান গেয়েছেন বাপ্পা মজুমদারের সুরে। সম্প্রতি কাজ নিয়ে মমতাজ বলেন, ‘এখন নিজের নানামুখী ব্যস্ততার কারণে সলো অ্যালবাম এর কাজ করা হয় না। এছাড়া আগামীতে একটি লোক সম্মেলন করারও প্ল্যান রয়েছে। দেখা যাক, সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই কাজটি হবে। এছাড়া এই ব্যস্ততার ভেতরেই হাসান মতিউর রহমানের সুরে অনেকদিন পর একটি অ্যালবামে কাজ করলাম। খুবই ভাল লাগছে এই অ্যালবামটিতে কাজ করে। কারণ মতি ভাইয়ের সাথে আমার গানের বোঝাপড়াটা অনেকদিনের। তাই খুব ভাল একটা কাজ হবে বলে আমার বিশ্বাস।’ মমতাজের একক অ্যালবাম প্রসঙ্গে সুরকার হাসান মতিউর রহমান বলেন, ‘মমতাজের প্রথমদিকের বিচ্ছেদ গানগুলো করেছি। এরপর আমার সলে অগণিত জনপ্রিয় গান রয়েছে, যা এখন তিনি বিভিন্ন মঞ্চে গেয়ে থাকেন। তার মতো অসাধারণ কণ্ঠশিল্পীর অ্যালবাম তাই বার বার করতে ইচ্ছে করে।’