‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়া, গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করেছে’। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের গত ৪ বছরের বিভিন্ন সফলতা আর বিগত জোট সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। এতে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের প্রসঙ্গে ইনু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃঙ্খলকারীর তাণ্ডব অবশ্যই গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করছে।
পদ্মা সেতুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বিষয়ে অভিযোগ আসার পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সরিয়ে দেয়া হয়েছে। এখন তদন্ত চলছে। দেশি-বিদেশি তদন্তের ভিত্তিতে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে প্রশাসনের যেকোনো দুর্নীতি বা যেকোনো বিশৃঙ্খল ঘটনা রাজনীতিকে বিব্রত করে। আমরা পাশ না কাটিয়ে এর মোকাবিলা করছি।’
