পাপিয়া সারোয়ার, এ দেশের শীর্ষ স্থানীয় রবীন্দ্রসংগীত শিল্পীদের অন্যতম এক নাম। গত কয়েক বছর ধরেই পাপিয়া সরোয়ারের নতুন কোনো গান প্রকাশ হয়নি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো উত্সব এলেই একাধিক টিভিতে লাইভ ও রেকর্ডিংয়ে অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হলো পাপিয়া সরোয়ারের নতুন অ্যালবাম ‘পূর্ণ চাঁদের মায়ায়’।
১৪টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এই অ্যালবামের গানের শিরোনামগুলো হলো—‘তোমারি মধুর রূপে’, ‘যখন এসেছিলে’, ‘শুধু যাওয়া আসা’, ‘পূর্ণ চাঁদের মায়ায়’, ‘ও কেন ভালোবাসা’, ‘আজ কিছুতেই যায় না’, ‘মেঘের পরে মেঘ’, ‘যে ফুল ঝরে’, ‘ভালোবাসিলে যদি সে’, ‘পুষ্পবনে পুষ্প নাহি’, ‘তুমি তো সেই’, ‘দীপ নিভে গেছে মম’, ‘চির বন্ধু চিরনির্ভর’ ও ‘সমুখে শান্তি পারাবার’। সম্পূর্ণ অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়।
