নাটকে আবারও শিমুল-নাদিয়া দম্পতি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
টিভি নাটকে খুব একটা একসঙ্গে দেখা যায় না মনির খান শিমুল ও নাদিয়া দম্পতিকে। দীর্ঘদিন পর আবার তারা একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। রিপন রাফির রচনা ও পরিচালনায় এ নাটকটির নাম ‘একটি আলোচিত গল্পের শেষাংশ’। গত ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাবেরি আলম, অনন্যা, আল মামুন, জহির প্রমুখ। নাটকটির গল্প সম্পর্কে জানা যায়, এক মাস হলো রাশেদ ও শাওনের বিয়ে হয়েছে। রাশেদ একটা বড় ফার্মের মালিক। নিজের পারসোনালিটি বজায় রাখতেই বেশি পছন্দ তার। টাকা পয়সার দিক থেকে রাশেদের তুলনায় শাওনের অবস্থান অনেক নিচে। শাওন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মা ও বড় ভাই ছাড়া পরিবারে আর কেউ নেই তার। বাবা অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু দুই পরিবারের ওয়াদা রক্ষার্থে বিয়ে হয় তাদের। যদিও চিন্তা-ভাবনার দিক থেকে দু’জনেই অনেক আলাদা। অনিচ্ছাসত্ত্বেও তাই বিয়েতে রাজি হতে হয় শাওনকে।