ওয়েইন রুনির জোড়া গোলে ভর করে জয় তুলে নিয়ে গত বুধবার ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা স্বপ্ন আরো উজ্জ্বল করে তুলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্স ফার্গুসনের দল ২-১ গোলের ব্যবধানে হারায় সাউদাম্পটনকে। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল রেড ডেভিলরা।
ম্যানইউর জয়ে রাতে হতাশ হয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা চেলসি ও টটেনহ্যাম হটস্পার। চেলসি স্বাগতিক রিডিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। নরউইচ সিটির মাঠে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে আন্দে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম। এদিকে এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনাল ২-০ গোলে পিছিয়ে পড়েও লিভারপুলের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আর্সেনালের ত্রাতার ভূমিকায় ছিলেন থিও ওয়ালকট এবং অলিভার গিরউড। দিনের অন্য ম্যাচে স্বাগতিক এভারটন ২-১ গোলে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নকে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচেই রয়েছে। প্রিমিয়ার লিগে হতাশায় ভুগেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিও। পয়েন্ট টেবিলের তলানির দল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে তারা গত মঙ্গলবার গোলশূন্য ড্র করায় ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বেড়েছে।
দিনশেষে ম্যানইউ বড় জয় পেলেও শুরুতে সাউদাম্পটন তাদের চমকেই দিয়েছিল। জে রদ্রিগেজ ম্যাচের তিন মিনিটে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু রুনি আট মিনিটে রেড ডেভিলদের সমতায় ফেরান। ২৭ মিনিটে প্যাট্রিক এভরার সহযোগিতায় রুনি জয়সূচক গোলটি করেন। তবে সাউদাম্পটন ম্যাচে সমতায় ফিরতে পারতো। তাদের রিকি ল্যাম্পবার্ড ফ্রি-কিক থেকে গোল পেতে পারতেন। কিন্তু ম্যানইউর গোলরক্ষক ডেভিড গিয়া বাঁচিয়ে দেন।
ম্যানইউ এর আগে ১৮টি জয়ের আটটি ম্যাচে জয় পেয়েছে পিছিয়ে পড়ে। এ ম্যাচেও এর ব্যতিক্রম ঘটেনি। ম্যানইউর ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন বলেন, ‘চলতি মৌসুমে এই পর্যায়ে ম্যাচে জয় আসল ব্যাপার। প্রথম ৩০ মিনিটে মনে হয়েছে আমরা অসাধারণ। দ্বিতীয়ার্ধে সাউদাম্পটন এখানে সেরা খেলাটা খেলেছে মৌসুমের। আমরা ভাগ্যবান ম্যাচটি জিততে পেরেছি।’
চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এভারটন। শেষ চারে থাকার লড়াই তাদের। নরউইচ সিটির সঙ্গে ড্রটা তাদের এখন ভোগাতে পারে। চেলসির চেয়ে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে টটেনহ্যাম। নরউইচ সিটির বিপক্ষে টটেনহ্যামকে ম্যাচে সমতা এনে দিয়েছিলেন গ্যারেথ বেল। ড্র নিয়ে অখুশি থাকার কথা চেলসিরও। কারণ ২-০ গোলে এ ম্যাচে তারা এগিয়ে ছিল রিডিংয়ের বিপক্ষে। কিন্তু রিডিং পরে দুই গোল শোধ করে দেয়। প্রিমিয়ার লিগে বিপাকে থাকা রিডিংকে সমতায় ফেরান অ্যাডাম লি ফন্দে । যিনি জোড়া গোল করেন ম্যাচ শেষের চার মিনিটের মধ্যে। চেলসির হয়ে গোল করেছেন জুয়ান মাতা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর্সেনাল পয়েন্ট টেবিলের ছয়ে রয়েছে ৩৮ পয়েন্ট নিয়ে। তিন পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে লিভারপুল। লুইস সুয়ারেজ ম্যাচের পাঁচ মিনিটে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন। জর্ডান হেন্ডারসন লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের ৬০ মিনিটে। ৬৪ মিনিটে গানার তারকা অলিভার গিরউড দলকে প্রথম গোল এনে দেন। আর্সেনালকে সমতায় ফেরান ৬৭ মিনিটে ওয়ালকট। প্রিমিয়ার লিগে এটি সুয়ারেজের ১৭তম গোল। ১৮ গোল করে ম্যানইউর রবিন ফন পার্সি গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার
আর্সেনাল ২ লিভারপুল ২
এভারটন ২ আলবিয়ন ১
নরউইচ সিটি ১ টটেনহ্যাম ১
ফুলহ্যাম ৩ ওয়েস্টহ্যাম ১
ম্যানইউ ২ সাউদাম্পটন ১
রিডিং ২ চেলসি ২
