বিতর্কিত এক ম্যাচে গত বুধবার তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে টোগো। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আইভরি কোস্ট ২-২ গোলে ড্র করেছে আলজেরিয়ার সাথে।
নিলস্প্রুটে অনুষ্ঠিত টোগো এবং তিউনিসিয়ার মধ্যকার ড্র হওয়া ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রেফারি ড্যানিয়েল বেনেট। ম্যাচে তিউনিসিয়ার পক্ষে দুটি প্রশ্নবিদ্ধ পেনাল্টি ঘোষণার পাশাপাশি তিনি বাতিল করে দিয়েছেন দু’দলের বেশ কয়েকটি ফ্রি কিকের আবেদন। যার মধ্যে রয়েছে টোগোর ইমানুয়েল আদেবায়োরের একটি পেনাল্টি আবেদনও। এ ছাড়া নিবোমবি দারেকে যে অপরাধের জন্য হলুদ কার্ড দেখতে হয়েছে প্রকৃতপক্ষে সেটি করেছেন সার্জি আকাকপো। টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার জন্য দারের পাশাপাশি পরের ম্যাচ খেলতে পারবেন না তার স্বদেশী জোনাথন আইতেও। তাই ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বেনেটের রেফারিং নিয়ে।
ম্যাচের ১৩ মিনিটে সার্জি গাপকোর গোলে টোগো এগিয়ে যাওয়ার পরে ৩০ মিনিটে পেনাল্টি থেকে তিউনিসিয়াকে সমতায় ফেরান খালেদ মউলহি। তবে ৭৮ মিনিটে দ্বিতীয় খালিদ পেনাল্টি থেকে গোল করতে না পারলে শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ফলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তিউনিসিয়াকে পেছনে ফেলে ডি গ্রুপ চ্যাম্পিয়ন আইভরি কোস্টের পেছনে থেকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখে টোগো।
আনন্দে উদ্বেল টোগো অধিনায়ক আদেবায়োর বলেন, ‘আজকের দিনটি আমার দেশ, দেশের মানুষ, আমার পরিবার এবং দেশের সমস্ত মানুষ যারা ফুটবলকে ভালবাসে তাদের সবার জন্য ঐতিহাসিক একটি দিন। সত্যিই এটি বিশেষ একটি মুহূর্ত। আমরা এখন সময়টা উপভোগ করবো।’
শেষ আটের লড়াইয়ে আগামী রবিবার পশ্চিম আফ্রিকার এই দলটি খেলবে তাদের উত্তর আফ্রিকান প্রতিবেশী বুরকিনা ফাসোর বিরুদ্ধে।
এদিকে তুলনামূলক বিচারে কম গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্ট মুখোমুখি হয়েছিল আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া আলজেরিয়ার। তবে শিরোপা প্রত্যাশী ‘এলিফ্যান্টস’দের চমকে দিয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় আলজেরিয়া। ৭৬ মিনিট পর্যন্ত নিজেদের গোলবার সুরক্ষিত রাখতে পারলেও ৭৭ মিনিটে ব্যবধান কমায় আইভরি কোস্ট। গোল করেন গত ম্যাচটি সাইডলাইনে কাটানো দলের তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। এর মিনিট তিনেক পরে বনি উইলফ্রাইডের গোলে সমতায় ফেরে গতবারের ফাইনালিস্টরা। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট মুখোমুখি হবে ‘সুপার ইগল’ নাইজেরিয়ার।
কোয়ার্টার ফাইনাল লাইন-আপ
২ ফেব্রুয়ারি
ঘানা কেপ ভার্দে
দক্ষিণ আফ্রিকা মালি
৩ ফেব্রুয়ারি
আইভরি কোস্ট নাইজেরিয়া
বুরকিনা ফাসো টোগো
