কমিউনিটি ব্র্যান্ডিং প্রতিযোগিতা কাল থেকে শুরু

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উত্পাদিত ঐতিহ্যবাহী পণ্যগুলোর আন্তর্জাতিক মালিকানা বা পেটেন্ট অধিকার সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন বিল্ড বেটার বাংলাদেশ (বি-কিউব)। এসব ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন অধিকার সুরক্ষায় জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির জন্য সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। এর অংশ হিসেবে জিআই পণ্যের জাতীয় পর্যায়ে কমিউনিটি ব্র্যান্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল ধানমন্ডিতে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এফবিসিসিআই, ডিসিসিআই ও এমসিসিআইর প্রেসিডেন্টরা উপস্থিত থাকবেন। জাতীয় পর্যায়ে আয়োজিত এ কমিউনিটি ব্র্যান্ডিং প্রতিযোগিতা দেশের জিআই পণ্যসহ মেধা ও সাংস্কৃতিক সম্পদের মালিকানা সুরক্ষায় ইতিবাচক অবদান রাখবে। এর ফলে পদ্মার ইলিশ, রাজশাহীর ফজলি আম ও সিল্ক, কুমিল্লার রসমালাই ও খাদি কাপড়, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, দিনাজপুরের কাটারিভোগ, সিলেটের সাতকরা ও আগর, রূপগঞ্জের জামদানি, টাঙ্গাইলের তাঁতশাড়ি ও চমচমসহ দেশের বিভিন্ন এলাকায় উত্পাদিত ঐতিহ্যবাহী পণ্যের পেটেন্ট মালিকানা সুরক্ষা এবং এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।