পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাহরিয়ার খানও!

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৮
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ভালো হয়ে গেছে বলেই বারবার দাবি করছেন দেশটির বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি জাকা আশরাফ। যদিও এখনও সেখানে নিয়মিত বোমা হামলার মতো ঘটনা ঘটছে। কিন্তু জাকা আশরাফের মতো পরিস্থিতি গোপন করার চেষ্টা করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলছেন, গত দু’বছরে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থার কেবল অবনতিই ঘটেছে। ফলে এই মুহূর্তে কোন বিদেশি দলের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখছেন না তিনি। চৌদ্দ বছর পর ২০০৪ সালে পূর্ণ সিরিজ খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে আনার পিছনে মুখ্য ভূমিকা পালন করা খান মনে করছেন যে, ‘পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি-২০ টুর্নামেন্ট আয়োজন দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুন:প্রতিষ্ঠায় সহায়ক হবে পিসিবির এমন ধারণা ভুল।’ ডন পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘গত দু’বছরে পাকিস্তানে নিরাপত্তা অবস্থার আরো অবনতি হয়েছে এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এমন অবস্থার মধ্যে এ সময় কোন দেশই তাদের দল এখানে পাবে না।’ তিনি আরো বলেন, ‘কোন শীর্ষ ক্রিকেটারকেই পিএসএল আকৃষ্ট করতে পারবে না—আমার এমন ধারণা ভুল প্রামাণিত হোক এটাই আমার কামনা। তবে পিসিবি যেহেতু ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে ফেলেছে, দ্বিতীয় অথবা তৃতীয় সারির ক্রিকেটাররা আকৃষ্ট হতে পারে। তবে যাইহোক সেটা বিদেশি দলগুলোকে পাকিস্তানে এসে খেলার জন্য রাজি করানোর উদ্দেশ্য সফল হবে না।’ ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মত শীর্ষ দেশের কোন ক্রিকেটার আগামী দু’এক বছরে পাকিস্তান এসে খেলবে এমন সম্ভাবনাও দেখছেন না তিনি। এ বিষয়ে পরিষ্কার কূটনীতির ভূমিকা দেখতে পাচ্ছেন এক সময়ের নামজাদা এই কূটনীতিবিদ, ‘পাকিস্তানের সঙ্গে যে কোনো খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সে দেশের সরকারের নির্দেশ পালন করে। অন্যদিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ন্যাটো বাহিনীর অংশ সুতরাং তারাও তাদের দল পাঠাবে না।’ নিজের কূটনৈতিক জীবনে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা খান বলেন, পাক-ভারত সীমান্ত রেখায় বর্তমান উত্তেজনার কারণে পাকিস্তান দলের সদ্য সমাপ্ত ভারত সফরের অর্জনটাও ধুলোয় মিশে গেছে। তিনি বলেন, ‘অতীতে সীমান্ত রেখার কাছে উভয় দেশের মধ্যে গুলি বিনিময় ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু এ সময়ে পুরো ভারত জুড়েই প্রতিক্রিয়া এত তীব্র হয়েছে যে, আমাদের দেশের হকি খেলোয়াড়দের (ইন্ডিয়ান হকি লীগে অংশ নেয়া থেকে) দেশে ফেরত পাঠিয়েছে।’