অস্ট্রেলিয়া ভারত সফরে চার টেস্টের সিরিজকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। নাথান লিয়ন ও জাভিয়ার ডোহার্টির সাথে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল-স্টিভ স্মিথ।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ২২ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শুরু হবে। জাতীয় নির্বাচক জন ইনভারেটি দল ঘোষণার পর জানান, তারা সকল কন্ডিশনের জন্য প্রস্তুত। শুধু চার স্পিনার নয়; অস্ট্রেলিয়া দলে রয়েছে পাঁচ পেসারও।
সম্প্রতি ভাল খেলায় দলে জায়গা শক্ত করেছেন ডোহার্টি। এছাড়া ইনজুরির জন্য জায়গা করে নিতে পারেননি বাঁ-হাতি স্পিনার মাইকেল বিয়ার ও জন হলান্ড।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণে রয়েছেন মিশেল জনসন, পিটার সিডল, মিশেল স্টার্ক, জেমস প্যাটিনসন এবং জ্যাকসন বার্ড। এছাড়া বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন। ওয়ার্নারের বৃদ্ধাঙ্গুলীতে চিড় ধরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডেতে খেলতে পারছেন না। চেন্নাই টেস্টের আগে অস্ট্রেলিয়া দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি রয়েছে হায়দরাবাদে, তৃতীয়টি মোহালি এবং চতুর্থটি রয়েছে দিল্লিতে।
অস্ট্রেলিয়া দল
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), এড কাওয়ান, ডেভিড ওয়ার্নার, ফিল হিউজ, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল জনসন, পিটার সিডল, মিশেল স্টার্ক, নাথান লিয়ন, ময়সেস হেনরিকুইস, জেমস প্যাটিনসন, জাভিয়ার ডোহার্টি, জ্যাকসন বার্ড, উসমান খাজা, স্টিভ স্মিথ।
