এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড ক্রিকেট এসোসিয়েশন বুধবার একথা জানায়।
আগামী ৬ জুন ইংল্যান্ডে শুরু হওয়া ৮ দলে সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে হল্যান্ডের আমস্টেভিনে ৩১ মে এ ম্যাচ খেলবে প্রোটিয়াসরা। নেদারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী রিচার্ড কক্সের উদ্ধৃতি দিয়ে আইসিসির ওয়েব সাইটে বলা হয়, এ ম্যাচ একটা ‘প্রকৃত সুযোগ’ এবং নেদারল্যান্ডে ক্রিকেটকে এগিয়ে নিতে অনেক কার্যকর ভূমিকা রাখবে। ক্রিকেট সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান জক ফাউল আরো বলেন, ‘ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডের ঐতিহাসিক বিজয়ের কথা আমাদের স্মরণে আছে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ক্রিকেট ম্যাচের আশা করছি আমরা।’-বাসস
