ঢাকায় এসে অনুশীলন দেখলেন বেলজিয়ান হকি কোচ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৯
ঢাকায় পৌঁছেই জাতীয় হকি দলের প্রশিক্ষণে যোগ দিলেন বেলজিয়ান কোচ মিশেল কেনিন। গতকাল সকালে ঢাকায় আসেন তিনি। আর বিকালে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুশীলনরত জাতীয় হকি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। বেলজিয়ান কোচ মাঠে পৌঁছালে জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন তাকে অভ্যর্থনা জানান। ৪৩ বছর বয়সী এই কোচ খেলোয়াড়দের সাথে কথা বলার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। বাংলাদেশের হকি সম্পর্কে তার খুব একটা ধারণা নেই। ঢাকায় পৌঁছে জানতে পেরেছেন এদেশে মাত্র দু’টি হকি টার্ফ রয়েছে। এই তথ্য থেকে তিনি কিছুটা ধারণা করতে পারেন এদেশের হকি সম্পর্কে। ১২৯টি আন্তর্জাতিক হকি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই সাবেক খেলোয়াড়ের। খেলেছেন তিনটি অলিম্পিকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেছেন। ক্লাব হকিতে কোচের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের তালিকাভুক্ত কোচ মিশেল কেনিন। গতকাল মাঠে গিয়ে প্রথমে কিছু সময় খেলোয়াড়দের অনুশীলন দেখেন তিনি। এরপর তিনি খেলোয়াড়দের সাথে কথা বলেন। দল সম্পর্কে ভাল ধারণা না থাকায় তিনি খেলোয়াড়দের নিবিড়ভাবে দেখে করণীয় ঠিক করবেন। এর জন্য তিনি ম্যাচ ভিডিও দেখে কিছুটা ধারণা নিবেন বলে জানিয়েছেন। মিশেল জানিয়েছেন খেলোয়াড়দের পারফর্ম্যান্স দেখলে বুঝা যাবে কতদূর যাওয়া যাবে। কথা প্রসঙ্গে নিজের নামটির শুদ্ধ উচ্চারণ মাইকেল কেনিন নয়, মিশেল কেনিন হবে বলে জানান তিনি। এদিকে ১৮ ফেব্রুয়ারি থেকে দিল্লীতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকির রাউন্ড টু’র খেলা। জাতীয় হকি দল এ জন্য প্রস্তুতি নিচ্ছে মাহবুব হারুনের তালিমে। বেলজিয়ান কোচ মিশেল কেনিনকে পাঠিয়েছে বাংলাদেশে পাঠিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। তারাই কোচের বেতন বহন করবে। এক বছরের মধ্যে ছয়বার ঢাকায় আসবেন এই কোচ। প্রতিবারই অন্তত ১০ দিন থাকবেন। তার মাধ্যমে বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ আরো বৃদ্ধি করা যায় কিনা জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। এই কোচ জাতীয় দলের সাথে দিল্লীতে যেতে পারবেন না। তিনি ৮ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন।