এ বছর চাহিদা পূরণের লক্ষ্যে বিপিসি সর্বমোট ৫২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক গতকাল সংসদে প্রশ্নোত্তরপর্বে বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিসর, চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সৌদি আরব থেকে এই পরিমাণ জ্বালানি তেল আমদানি করা হবে।
এনামুল হক সংসদকে জানান, ২০১৩ সালের প্রাক্কলিত ৫২ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের মধ্যে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৮০ হাজার ২৩৮ মেট্রিক টন পরিশোধিত এবং ৯৯ হাজার ২১৭ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়েছে। যার মূল্য যথাক্রমে ২ হাজার ৯৪০ লাখ মার্কিন ডলার বা ২ লাখ ৩৮ হাজার ১৪০ লাখ টাকা এবং ৮শ’ ৮০ লাখ মার্কিন ডলার বা ৭১ হাজার ২৮০ লাখ টাকা।
