প্রভাবশালীদের তদবিরে বিব্রত এনবিআর চেয়ারম্যান

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
দুর্নীতিকে এদেশের উন্নয়নের বড় প্রতিবন্ধকতা আখ্যায়িত করে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, আমি সমাজের প্রভাবশালীদের তদবিরে কাজ করতে বাধার মুখে পড়ছি। বুধবার রাজধানীর এসএমই ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমপ্রতি রাজস্ব বোর্ডে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের মন্ত্রী, এমপিসহ প্রভাবশালীদের নানামুখী তদবিরকে ইঙ্গিত করেন তিনি। তিনি বলেন, মাত্র ৪টি পদের জন্য ৪০টি তদবির এসেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মূসক আইনের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রদত্ত বিশেষ সুবিধার যথাযথ ব্যবহার শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত এমডি মুজিবুর রহমান। চেয়ারম্যান বলেন, কর ও শুল্ক আদায় খুবই অপ্রিয় কাজ। এক্ষেত্রে কথায় কথায় দুর্নীতির প্রসঙ্গ আসে। ব্যবসায়ীরা ঘুষ দিয়ে সুবিধা নেন, তাদের প্রলোভনে পড়েন কর কর্মকর্তারাও। যেসব ব্যবসায়ী অসত্ কর্মকর্তাদের ঘুষ দিয়ে থাকেন তারাও সমান অপরাধী। দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মিথ্যা ঘোষণা দিয়ে কর ফাঁকি দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, একটি বড় লাভজনক কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানগুলো আয়কর নথিতে গত ৫ বছর ধরে লোকসান দেখিয়ে কর ফাঁকি দিচ্ছে। যেসব ব্যক্তির ‘মার্সিডিজ বেঞ্জ’ বা ‘বিএমডব্লিউ’ গাড়ি আছে তাদের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। সমপ্রতি কারনেটের আওতায় আসা সাড়ে তিনশ গাড়ির হদিস পাওয়া যাচ্ছে না। রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে বাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার ৩ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। ঘাটতি সত্ত্বেও লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য সরকার যে পরিকল্পনা করছে তাতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সরকার থেকে বিভিন্ন নীতি গ্রহণ করা হলেও একটির সঙ্গে আর একটির সমন্বয় নেই। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সাবেক সদস্য শাহবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান এনবিআর থেকে ন্যূনতম তিন বছর কর মওকুফ সুবিধার দাবি জানান ব্যবসায়ী এই নেতা। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এসএমই ফাউন্ডেশন অনেক কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেসব কথা অর্ধেকও পূরণ হয় না। সেমিনারে আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহেদুল হক হেলাল, এফবিসিসিআই’র পরিচালক, উইমেন চেম্বারের নেতৃবৃন্দ, এগ্রো ফার্মা এসোসিয়েশনের প্রতিনিধিসহ বিভিন্ন এসএমই উদ্যোক্তা।