ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে অনন্ত-বর্ষা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৬
দীর্ঘদিন পর আবারও একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’-এ অংশ নিলেন চলচ্চিত্রে সময়ের সবচেয়ে আলোচিত জুটি অনন্ত-বর্ষা। সাম্প্রতিক কালে ফেসবুক ব্যবহারকারীদের বাংলা ছবি নিয়ে বিরূপ মন্তব্য প্রসঙ্গে অনন্ত বললেন, ‘এরা সবাই ফেসবুক রাজাকার। আমি এদের নতুন খেতাব দিতে চাই। কারণ এরা নিজের দেশকে ভালোবাসে না। নিজের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে জানে না, সবসময় বাইরের দেশের দালালী করে। এদেরকে ফেসবুক রাজাকার বলে আখ্যা দেয়া উচিত।’ অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘ফেসবুকে অনেকে অনন্তের ছবির স্টিল দিয়ে কমেন্ট করে। কেউ কেউ অযৌক্তিক কথাও উল্লেখ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাইরের দেশের চলচ্চিত্রে ফাইটিং দৃশ্যে অবাস্তবতা থাকে না। এটাই তো সিনেমা। কিন্তু ওরা ওদেরকে বাহবা করলেও আমাদের চলচ্চিত্র নিয়ে তির্যক মন্তব্য করেন।’ এ ছাড়া ‘মোস্ট ওয়েলকাম’-এর সাফল্যে এ দেশের নতুন শ্রেনীর দর্শক হলে আসা শুরু করেছেন বলে দাবি করে অনন্ত বলেন, ‘আমরা এখন বিভিন্ন এলিট এলাকার রেস্টুরেন্টে গেলেই বুঝতে পারি, কোন শ্রেনীর মানুষেরা আমাদের ছবি দেখছে। এটাই ‘মোস্ট ওয়েলকাম’-এর সাফল্য। এ ছাড়া অনন্তের ছবি পরিচালনা নিয়েও অভিজ্ঞতা শেয়ার করেন।’ ইসরাফিল শাহীনের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল রবিবার রাত ১০ টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।