সালমান খানের ১০ বছরের জেল!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৭
অনেক দিন না বলে, অনেক বছর বলা ভালো। অনেক বছর ধরেই সালমান খান, কোর্ট, পুলিশ ও মামলার সঙ্গে যুদ্ধ করে চলেছেন। আর এর চরম পর্যায়ের শুরুটা সেই ২০০২ সাল থেকে। তারপর ২০০৫ সাল এবং ২০১১ সাল। এখন এসে জানা যাচ্ছে এই বলিউড টাইগারের ১০ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০২ সালের সড়ক দুর্ঘটনার মামলায় এক ব্যক্তির মৃত্যুর দায়ে ১০ বছর জেল হতে পারে। মহারাষ্ট্র সরকারের মামলার আবেদনটি গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক আদালত গ্রহণ করেছে। আপাতত বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর মামলা চলছে। যার শাস্তি প্রায় ২ বছর পর্যন্ত হাজতবাস। আর এর সঙ্গে যুক্ত হয়ে হয়েছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলে পথিকের মৃত্যু। যার শাস্তি ১০ বছরের জেল। এই বিষয়টি নিয়ে সালমান খানের আইনজীবী দীপেশ মেহতা দীর্ঘদিন ধরেই লড়ছেন। গত বৃহস্পতিবার জানা যায়, আগামী ১১ মার্চ আদালতে হাজিরা দিতে হবে সালমান খানকে। উল্লেখ্য, ২০০২ সালে সালমান গাড়ি চালানোবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে এবং এ কারণে ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তারপর ২০০৫ সালে আবারও বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। আর গত ২০১১ সালে তার ড্রাইভার বেপরোয়া চালানোর কারণে এক পথিকের মৃত্যু হয়।