পিএসজির সিসোকো এলেন ফিওরেন্তিনায়
সিরি-এ ফুটবল দল ফিওরেন্তিনা জানিয়েছে, চলতি মৌসুমের বাকি সময়ের জন্য তারা ধার হিসেবে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মিডফিল্ডার মোহাম্মদ সিসোকোকে দলে নেয়ার জন্য চুক্তি করেছে। লা ভিয়োলার ক্লাবটি জানায়, ‘মালির ২৮ বছর বয়সী এ আন্তর্জাতিক তারকা ধার হিসেবে ক্লাবে যোগ দিচ্ছে। তবে পুরোপুরি ক্রয়ের বিকল্পও রাখা হয়েছে চুক্তিতে।’
পিএসজিতে প্রায়শই ডাগ আউটে বসে থাকা সিসোকো বর্তমানে মালির হয়ে আফ্রিকান নেশন্স কাপে অংশ নিচ্ছেন। লীগ ম্যাচে পিএসজির হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। ২০১১ সালে পিএসজিতে যোগ দেয়ার আগে সাড়ে তিন বছর তিনি জুভেন্টাসের হয়ে ইটালিতে কাটিয়েছেন। পয়েন্ট তালিকায় ইটালির শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে ১৩ পয়েন্ট ব্যাবধানে ফিওরেন্তিনা বর্তমানে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
দেশে ফিরলেন গ্যাগো
আর্জেন্টাইন মিড ফিল্ডার ফার্নান্দো গাগোকে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য বুয়েন্স আয়ার্স ক্লাব ভেলেজ সার্সফিল্ডে ধার হিসেবে ছেড়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটি নিজস্ব ওয়েব সাইটে এ ঘোষণা দেয়।
সেরা একাদশে জায়গা না পাওয়ায় রিয়াল মাদ্রিদ থেকে গত গ্রীষ্মেই ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার এ আন্তর্জাতিক তারকা। ২০০৭ সালের জানুয়ারি মাসে রিয়ালে যোগ দেয়ার আগে বোকা জুনিয়র্সে নিজের খেলোয়াড়ী জীবন শুরু করেন ২৬ বছর বয়সী গাগো।
সর্বশেষ আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ভেলেজ সার্সফিল্ড। —বাসস
