নোবেল-তিন্নি নাটকে নতুন জুটি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নোবেল এবং শ্রাবন্তী তিন্নি। জাকারিয়া সৌখিনের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘নীল কুয়াশায়’ শিরোনামের একক নাটকে অভিনয় করছেন তারা। গতকাল থেকে নাটকটির শ্যুটিং শুরু হয়েছে উত্তরায়। নাটকের গল্প গড়ে উঠেছে একজন পুরুষের মনোজগত এবং স্ত্রীর সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে। নাটক প্রসঙ্গে নোবেল বলেন, আসলে অনেকদিন ধরে নির্মাতার সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে নাটকটি করছি। সুন্দর একটি গল্প। আমার সহশিল্পীরাও চমত্কার। সবমিলিয়ে ভালো একটি কাজ হবে বলে আশা করছি। তিন্নি বলেন, এ নাটকের মাধ্যমে আমি আবার অভিনয় শুরু করেছি। এটা দ্বিতীয় নাটক। নোবেল ভাই আমার খুব প্রিয় একজন। তার সাথে এরকম একটি এক ঘন্টার নাটকে কাজ করতে পেরে খুব ভাল লাগছে। নাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, ‘এই নাটক থেকে নোবেল-তিন্নি আলাদা জুটি হিসেবে গড়ে উঠতে পারে। কারণ গল্পের মূল ফোকাসটিই তিন্নি-নোবেলকে ঘিরে যা দর্শকরা উপভোগ করবে বলে আমার বিশ্বাস।