বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। চুক্তি মোতাবেক বিপিএল শুরুর আগে শতকরা ২৫ ভাগ টাকা পাওয়ার কথা থাকলেও খেলোয়াড়রা তা সময়মত পায়নি। অথচ, টুর্নামেন্ট প্রায় শেষের পথে। চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শেষে আরো ২৫ ভাগ টাকা পাওয়ার কথা রয়েছে খেলোয়াড়দের। কিন্তু ফ্রাঞ্চাইজি ও বিসিবির সম্পর্ক টানাপোড়নের কারণে খেলোয়াড়রা তাদের পারিশ্রমিক পায়নি।
অবশেষে বিসিবি নতুন সময় নির্ধারণ করে দিয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সকল ফ্রাঞ্চাইজিকে খেলোয়াড়দের ২৫ ভাগ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে পাওনা পরিশোধ না হলে কঠোর পদক্ষেপ নিবে বিসিবি—কাল এমনটাই জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
ফ্রাঞ্চাইজিদের অনুরোধে বিসিবি তৃতীয়বারের মত এ সময় বাড়ালো। কিন্তু এই সময়ের মধ্যেও ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করবে তার নিশ্চয়তা কি দিতে পারবে বিসিবি? গতকাল শুক্রবার বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব বলেন, ‘এবার তারা টাকা দিয়ে দেবে এমনটা আশা করছি। তবে না দিলে সভাপতি সাহেব বলেছেন, কোন ছাড় দেয়া হবে না। কঠোর পদক্ষেপ নিবেন তিনি’।
ফ্রাঞ্চাইজিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিসিবি অতীতে বলে আসছে। কিন্তু দৃশ্যত বরাবরের মত বিসিবি ছাড় দিয়ে আসছে। এবারো তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন অনেকে। তবে আশার কথা হচ্ছে, কাল পর্যন্ত সাত ফ্রাঞ্চাইজিদের মধ্যে তিনটি ফ্রাঞ্চাইজি; ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গলস খেলোয়াড়দের ২৫ ভাগ টাকা পরিশোধ করেছে। বাকি চারটি ফ্রাঞ্চাইজি মঙ্গলবারের মধ্যে পরিশোধ করবে বলে বিসিবি জানিয়েছে। ]
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ফ্রাঞ্চাইজিদের ২৫ ভাগ টাকা পরিশোধের শেষ সময় ছিল। কিন্তু ফ্রাঞ্চাইজিদের অনুরোধে সেটি ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু এর মধ্যে টাকা পরিশোধ না করায় মঙ্গলবার অর্থাত্ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফের সময় বাড়ানো হয়।
