এমএ আজিজ স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক সমাগমের জন্য সিজেকেএস ও অ্যাকটিভ সার্ভিস পরস্পরকে দোষারোপ করছেন। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারী কানায় কানায় ভর্তি হয়ে যায় বিকাল ৩টার মধ্যে। তখন মাঠে খেলা চলছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহীর। দর্শকে গ্যালারী পরিপূর্ণ। তারপরও স্টেডিয়ামের বাইরে টিকেট হাতে অনেক দর্শক। দর্শকের এমন ঢল দেখে গেম অন স্পোর্টসের এমডি অনজন গাঙ্গুলি উদ্বিগ্ন হয়ে পড়েন। যেকোন অঘটনের আশংকায় রয়েছেন তিনি।
বিপিএল আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে ব্যাপারটি অবহিত করলে নাছির জানান, ‘আমাদের এখানে কোন হাত নেই। এটা অ্যাকটিভ সার্ভিসের ব্যাপার। টিকেটের স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান অ্যাকটিভ সার্ভিস ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকেট ছেড়েছে। ২৬ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এমএ আজিজ স্টেডিয়ামে ২৮ হাজার টিকেটে ছেড়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।’
অন্যদিকে অ্যাকটিভ সার্ভিসের এমডি আহামদ গণি চৌধুরী আয়োজকদের দোষারোপ করে জানালেন, ‘যতটুকু টিকেট ছাড়ার কথা আমরা ততটুকু টিকেট ছেড়েছি। তবে বিভিন্ন ফটকে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারসাজিতে অতিরিক্ত দর্শক ঢুকে পড়েছে।’
