রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক ক্লিনিকে ডা.সাজিয়া আফরিন ইভা খুনের সম্মানজনক ক্ষতিপূরণ দাবি করেছে তার পরিবার। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ইভার মা হাসিনা বেগম ক্ষতিপূরণের পাশাপাশি ডা. ইভার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গাইনি বিভাগ থেকে উচ্চ শিক্ষায় বৃত্তি প্রদানের দাবি করেছেন। সম্মেলনে ইভার মা ছাড়াও বোন নাদিয়া, জাস্টিস ফর ডা. ইভা সংগঠনের ডা. সাহানা সানু, ইয়ং পিপল ফাউন্ডেশনের ডা. খন্দকার মাইনুল হাসান, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ফাউন্ডেশনের ডা. নাহিদ হাকিম, গ্রুপ-এসওএমসি এর পক্ষে ডা. আহমেদ আবু সালেহ ও চিকিত্সক সমাচারের পক্ষে ডা. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনে ডা. ইভার মা অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর দক্ষিণখানে ব্র্যাক ক্লিনিকে তার মেয়েকে খুন করা হয়। এ ঘটনায় ইভার বাবা ঐ ক্লিনিকের কর্মচারী ফয়সালসহ ৪ জনকে আসামি করে মামলা করলেও পুলিশ ফয়সাল ছাড়া বাকি ৩ আসামিকে ছেড়ে দেয়। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘাতক ফয়সালসহ অপর ৩ সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ইভার মা। এমনকি খুনের ঘটনার পর ব্র্যাক ক্লিনিক কর্তৃপক্ষ কোন ক্ষতিপূরণ প্রদান করেনি।
