রাজধানীর গুলশানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭ নির্মাণ শ্রমিক ৩ লাখ টাকা মূল্যমানের যন্ত্রাংশ খুইয়েছেন। ভুক্তভোগী শ্রমিকরা হলেন আনোয়ার হোসেন, সাহাদত হোসেন, শরিফুল ইসলাম, হাবিব, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম ও আব্দুল হালিম।
গুলশান ২ নম্বর এলাকায় নাভানা রিয়েল এস্টেটের কর্মচারী ইমাম হোসেন জান?ান, গুলশান আজাদ মসজিদ সংলগ্ন নাভানা রিয়েল এস্টেটের তত্ত্বাবধানে নির্মিত একটি ভবনে কাজ করছিলেন ঐ সাত শ্রমিক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে রাতে ভ্রাম্যমাণ হোটেল থেকে দেয়া ডাল ও আলু ভর্তা দিয়ে ভাত খান শ্রমিকরা। খাওয়ার পর পরই তারা শুয়ে পড়েন। শুক্রবার সকালে অন্য সহকর্মীরা এসে ডাকাডাকি করলেও তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রমিকদের অচেতন করে ভ্রাম্যমাণ হোটেলওয়ালার ছদ্মবেশধারী অজ্ঞান পার্টির সদস্যরা রাতে তাদের কাজের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। খোয়া যাওয়া যন্ত্রাংশের মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে বলে জানান তিনি।
