অস্ট্রেলিয়ার নতুন ব্যাটিং কোচ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
আসন্ন ভারত সফরের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে নতুন ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে। সুয়ার্ট ল’র বদলে নতুন কোচ হিসেবে সাবেক ওয়ানডে ওপেনার মাইকেল ডি ভেনুটোকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ দায়িত্ব পালনের জন্য ৩৯ বছর বয়সী ভেনুটোকে তাসমানিয়ান টাইগার্স ও হোবার্ট হারিকেনস-এর সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান কোচ মিকি আর্থার বলেন, ডি ভেনুটো যথেষ্ট জ্ঞানী এবং তার ভাল কোচিং অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোচিং অভিজ্ঞতা আছে এবং যিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন— কোচ হিসেবে আমরা এমন কাউকে চাচ্ছিলাম। মাইকেলকে পাওয়ায় আমাদের দুটি উদ্দেশ্যই সফল হয়েছে।’ সাবেক টেস্ট ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়ে চলে যাওয়ায় অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ল। গত পাঁচ টেস্টে এ কোচের দায়িত্ব পালনের পর তার জায়গায় নিয়োগ পেলেন ভেনুটো। সম্প্রতি নিজ মাঠে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোচের দায়িত্ব পালন করেন ডিন জোন্স।