আজ ‘ইত্যাদি’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে দর্শক নন্দিত অনুষ্ঠান ‘ইত্যাদি’র পুঠিয়ার রাজবাড়িতে ধারণ করা পর্বটি। উল্লেখ্য, রাজশাহী জেলার বিখ্যাত প্রত্ননিদর্শন পুঠিয়ার রাজবাড়িতে প্রায় চল্লিশ হাজার দর্শক উপস্থিতিতে এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল ২০১০-এর ডিসেম্বরে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কিছু মানবিক ও সচেতনতামূলক প্রতিবেদন। পুঠিয়ার লোকনাট্যজন কাজী সাইদ হোসেন দুলালের উপর ছিল একটি চমত্কার প্রতিবেদন। কারও কাছে সাইদ হোসেন একজন লোকনাট্য বাউল, কারও কাছে তিনি লোকশিল্পের দ্বাররক্ষী। এ ছাড়াও ‘ইত্যাদি’র এবারের পুনঃপ্রচার রয়েছে অভিনব গ্রাম পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুরের উপর একটি প্রতিবেদন। অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন রাজশাহীর শিল্পী অ্যান্ড্রু কিশোর। গানটির সঙ্গে কোরিওগ্রাফি করেছেন পুঠিয়া ও নাটোরের প্রায় ৫০ জন নৃত্যশিল্পী। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। ছিল স্থানীয় ওঁরাও ও সাঁওতাল সম্প্রদায়ের নাচ। অংশগ্রহণ করেছেন অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। ‘ইত্যাদি’র এই পর্বের দর্শক বাছাই করা হয়েছিল রাজশাহী এবং পুঠিয়া রাজবাড়িকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এই দর্শকপর্বের জন্য রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গম্ভীরা শিল্পী মনোয়ারুল ইসলাম বকুল ও সাইদুর রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বিষয় নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এ ছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।