জাঁকজমকপূর্ণ বিয়ে, বাঘা বাঘা তারকাদের অংশগ্রহণে বিয়ের অনুষ্ঠান এতদিন আমাদরে আশপাশের মধ্যে শুধু বলিউডেই দেখা গিয়েছে। এবারে টালিউডেও এরকম নজির দেখা গেল। সাত পাকে বাঁধা পড়লেন কলকাতার এ সময়ের সেরা নায়িকা কোয়েল মল্লিক। পাত্র প্রযোজক নিসপাল সিং রানে। গত শুক্রবার সকালে গাঁটছড়া বাঁধলেন কোয়েল-নিসপাল। এখন তারা দম্পতি। ভবানীপুরের মল্লিকাবাড়ির মেয়ে কোয়েল সেজেছিলেন একেবারে খাঁটি পাঞ্জাবি বধুর বেশে। আর বর শেরোয়ানি পড়েননি, পাঞ্জাবিদের ঐতিহ্য ধরে রাখতে মাথায় পাগড়ি আর হাতে ছিল তলোয়ার। দুপুর ১২টায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান। এদিন মিডিয়ার প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। গতকাল সন্ধ্যায় তাদের বিবাহসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোট ৩ দিন ধরে চলে বিয়ের অনুষ্ঠান। যার শুভ সূচনা হয়ে গেছে বৃহস্পতিবার আংটি বদলের মধ্য দিয়ে। সেদিন সন্ধ্যায় একটি অভিজাত হোটেলের পুলসাইডে কোয়েল-নিসপালের বাগদান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে কোয়েলের অনস্ক্রিন নায়ক জিত ও দেব, প্রযোজক মহেন্দ্র সোনি, পরিচালক রবি কিনাগি, সুরকার জিত গাঙ্গুলি, ভরত কল, সস্ত্রীক ইন্দ্রনীল সেনগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায়সহ বলিউডেরও কিছু তারকা অংশ নেন।
