এবারের আফ্রিকান নেশন্স কাপে বিস্ময় জাগানিয়া দুটি দল বুরকিনা ফাসো ও টোগো শেষ চারে যাওয়ার প্রত্যয়ে আজ রবিবার নেলসপ্রুটে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালে পরস্পরের মোকাবিলায় নামছে। অন্যদিকে গতবারের রানার্স আপ আইভরি কোস্টের মুখোমুখি হবে নাইজেরিয়া।
বুরকিনা ফাসো দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে। অন্যদিকে সপ্তমবারের মতো খেলতে এসে টোগো এই প্রথম শেষ আটে উঠেছে। বেলজিয়ামে জম্ম নেয়া বুরকিনা ফাসোর কোচ পল পুট বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের বলেছি এটা একটা মাহেন্দ ক্ষণ। মনে হয় এমন সুযোগ আসবে না। এই পর্যায়ে পৌঁছানোটা বড় অর্জন। নাইজেরিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ড্র করে মানসিক জোর বেড়েছে আমাদের। আমরা আরো কিছু আশা করছি।’
কিন্তু বুরকিনা ফাসোর হয়ে এ লড়াইয়ে নামতে পারছেন না টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা অ্যালেইন ট্রায়োরে। ফরাসি ক্লাব লরিঁয়েন্টের হয়ে খেলা এই স্ট্রাইকার তিন গোল করলেও উরুর ইনজুরির জন্য খেলতে পারছেন না। জাম্বিয়ার ম্যাচে তিনি ইনজুরির কবলে পড়েন।
টোগোর সুবিধা হলো তাদের অধিনায়ক ও স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর আলজেরিয়ার বিপক্ষে গোল করেছেন এবং তিউনিসিয়ার বিপক্ষে গোল করিয়েছেন সার্জ গ্যাকপেসকে।
সেজন্য সাবেক আর্সেনাল খেলোয়াড়টিকে নিয়ে দুশ্চিন্তা আছে বুরকিনা ফাসো কোচের। দারুণ খেলা আদেবায়োরের সাথে থাকতে পারেন গ্যাকপে এবং জোনাথন আইটে ।
নাইজেরিয়ার উইঙ্গার ভিক্টর মোসেস আইভরি কোস্টের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটিকে কঠিন হিসেবেই দেখছেন। রুস্তেনবার্গে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট সেমিফাইনালের আশা নিয়েই নামবে। বর্তমানে ২২ বছর বয়সী মোসেস বলেন, ‘এই মুহূর্তে আমরা মনোযোগ দিচ্ছি নিজেদের দিকে। আমরা চাইবো নিজেদের সেরাটা দিতে। কঠিন ম্যাচ আমাদের জন্য এটি।’
আফ্রিকান নেশন্স কাপে আজ রবিবার
কোয়ার্টার ফাইনাল
আইভরি কোস্ট-নাইজেরিয়া
বুরকিনা ফাসো-টোগো
