মেসির বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার হোসে ক্যালেজন স্পেনের সংবাদ মাধ্যমে ওঠা অভিযোগ নিশ্চিত করে জানিয়েছেন, লিওনেল মেসি তাদের সহকারী কোচ আইতর ক্যারাঙ্কাকে ‘মরিনহোর পুতুল’ বলেছেন। ক্যারাঙ্কা সংবাদ মাধ্যমের সামনে মাদ্রিদ কোচ হোসে মরিনহোর প্রতিনিধিত্ব করে থাকেন। ক্যালেজন বলেন, ‘ক্যারাঙ্কার সাথে যেটা ঘটেছে সেটা আমি খুব ভালভাবেই দেখেছি। কারণ, ঘটনার সময় আমি ছিলাম তার পেছনে। এটা সত্যি যে মেসি তাকে ‘মরিনহোর পুতুল’ বলে অপমান করেছে।’ ক্যালেজন ম্যাচ শেষে মেসি এবং রিয়াল ডিফেন্ডার আলভারো আরবিলোয়ার মধ্যকার কথা কাটাকাটির ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, তিনি সে জায়গায় কোন মন্তব্য করতে চাননি। কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বেশকিছু মারাত্মক ফাউলের শিকার হন মেসি। তবে সেদিনও তিনি মাঠে বরাবরের মতো শান্ত ছিলেন। কিন্তু ক্যালেজনের অভিযোগের ব্যাপারে এখনো মেসির কোন বক্তব্য পাওয়া যায়নি। ক্যালেজন আরো দাবি করেন, বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেজ সেদিন রিয়াল সমর্থকদের তরফে যে বর্ণবাদী আচরণের শিকার হন ‘সেদিন এটা কোনভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।’ এর মধ্য দিয়ে তিনি বিতর্কটিকে যেন আরো উস্কে দিলেন। তিনি আরো দাবি করেন রিয়াল মাদ্রিদের অনেক খেলোয়াড়কেও বর্ণবাদের শিকার হতে হয়। ক্যালেজন বলেন, ‘আমাদের ক্ষেত্রেও এটা ঘটেছে এবং বিশ্বের সর্বত্রই এটা ঘটে থাকে। যেসব দলকে সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হতে হয় রিয়াল মাদ্রিদ তাদের মধ্যে অন্যতম।’ উল্লেখ্য, বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হওয়া সেই সেমিফাইনাল শেষে দানি আলভেজ অভিযোগ করেন, মাঠে রিয়াল সমর্থকেরা বার বার তাকে বানরের ডাক ডেকে উত্তেজিত করার চেষ্টা করে।