মহিলা বিশ্বকাপ

লঙ্কানদের ঐতিহাসিক জয়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
শিরোপাধারী ইংল্যান্ডকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এক উইকেটে হারিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিল শ্রীলঙ্কা। গত শুক্রবার কটকে অনুষ্ঠিত টুর্নামেন্টের অন্য দু’টি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা প্রমীলা ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির দ্বিতীয় দিনে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়। আন্তর্জাতিক অঙ্গনে এখনো পর্যন্ত একবারও ইংল্যান্ডকে হারাতে না পারা শ্রীলঙ্কা ম্যাচের শুরু থেকেই ছিল দারুণ উজ্জীবিত। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া লঙ্কানরা মাত্র ২৯ রানে ইংল্যান্ডের তিন উইকেট ফেলে দিলে চাপে পড়ে যায় তারা। এরপরে মিডল অর্ডারে জেনি গানের ইনিংস সর্বোচ্চ ৫২ এবং উইকেটকিপার জোন্সের ৪১ রান ইংলিশদের লড়াই করার মতো পুঁজি এনে দেয়। ২৩৯ রানের জবাবে লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে দু’ ওপেনার জায়ানজানি এবং মেন্ডিসের ব্যাটে ভর করে বিনা উইকেটেই দলীয় শতরান পেরিয়ে যায়। এর ঠিক পরপরই ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক জায়ানজানি ব্যক্তিগত ৬২ রানে আউট হয়ে গেলেও জয়ের পথে ভালভাবেই এগোচ্ছিল তারা। তবে এরপরেই দারুণভাবে ম্যাচে ফিরে আসা ইংলিশরা দ্রুতই বেশকিছু উইকেট তুলে নিলে জমে ওঠে ম্যাচ। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ম্যাচ সেরা ইশানা কৌশলা ছোটাতে থাকেন বাউন্ডারির ফুলঝুড়ি। পাঁচটি চার আর তিনটি ছয়ে ৪১ বলে ৫৬ রান করা কৌশলা ইনিংসের শেষ ওভারে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে বিদায় নেন। এরপরে শেষ বলে দারুণ এক ছয় হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সুরাঙ্গিকা। কটকে অনষ্ঠিত গ্রুপ বি’র দু’টি ম্যাচে বড় জয় পেয়েছে দুই ফেভারিট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৯১ রানে পাকিস্তানকে এবং নিউজিল্যান্ড ১৫১ রান দক্ষিণ আফ্রিকাকে হারায়। টুর্নামেন্টে আজ মাঠে নামছে দু’ গ্রুপের আটটি দলই। কটক এবং মুম্বাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।