ম্যানচেস্টার সিটি ম্যানেজার রবার্তো মানচিনি লিভারপুলকে হালকাভাবে না নেয়ার জন্য তার খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে দল দুটির মধ্যকার খেলাটির প্রাক্কালে তিনি মনে করিয়ে দেন যে, সিটির শিরোপা রক্ষার প্রয়াসে বাদ সাধতে পারে লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে আজ রবিবার খেলতে আসবে লিভারপুল। লিগের এমন পর্যায়ে এসে পয়েন্ট খোয়াতে চান না মানচিনি। কেননা সেক্ষেত্রে শিরোপা ধরে রাখা বেশ কঠিন হবে সিটির। গত সপ্তাহে তারা পয়েন্ট টেবিলের তলানির দল কুইন্স পার্ক রেঞ্জার্সের সাথে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর চাপ বাড়াতে ব্যর্থ হয় সিটি।
শিরোপা লড়াইয়ে ইউনাইটেডের সাথে দ্বিতীয় স্থানে থাকা সিটি’র ব্যবধান সাত পয়েন্টের। রেড ডেভিলরা গতকাল শনিবার ক্যারভান কটেজে ফুলহ্যামের বিপক্ষে জিতে গেলে সিটির সাথে ব্যবধানে হয়ে যাবে দশ পয়েন্ট। সব মিলিয়ে মানচিনি লিভারপুলকে নিয়ে চিন্তিত। লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন রর্জার্স চলতি মৌসুমে নতুন কৌশলে খেলাতে গিয়ে মিশ্র ফলাফল পেয়েছেন। তারপরও মানচিনি মনে করেন, লিভারপুল সবসময় হুমকি। কেননা তাদের রয়েছে লুইস সুয়ারেজ ও স্টিভেন জেরার্ডের মত খেলোয়াড়। মানচিনি বলেন, ‘রজার্স ভাল ফলাফল পেয়েছে। কিন্তু লিভারপুল সবসময় শক্তিশালী দল। রবিবার ভয়ঙ্কর ম্যাচ হতে যাচ্ছে।’ সিটি চলতি বছরে প্রিমিয়ার লিগসহ কোন টুর্নামেন্টেই গোল হজম করেনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে সিটির জালে বল যায়নি। মানচিনি চাইছেন আরো গোল। ইউনাইটেডের সাথে গোল ব্যবধানও আরো কমাতে হবে। এ প্রসঙ্গে ইটালিয়ান কোচটি বলেন, ‘আমাদের আরো উন্নতি করতে হবে রক্ষণভাগে। কারণ প্রতিটা দল কঠোর পরিশ্রম করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে গোল করা। মনে হয় আরো সাত থেকে নয় গোল প্রয়োজন।’ সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে ইনজুরির কারণে লিভারপুলের বিরুদ্ধে দেখা যাবে না।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম মুখোমুখি হবে ওয়েস্টব্রুমউইচ আলবিয়নের। টটেনহ্যাম ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। ওয়েস্টব্রুম রয়েছে নয়ে ৩৪ পয়েন্ট নিয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রবিবার
ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন-টটেনহ্যাম হটস্পার
ম্যানচেস্টার সিটি-লিভারপুল
