নিজের গানের রিমেক করার পরিকল্পনা নিয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ইতিমধ্যে তার জনপ্রিয় গানগুলোর রিমেকের কাজ শুরুও করেছেন তিনি। এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, মঞ্চে এখন যেহেতু মডার্ন কম্পোজিশনে নিজের গানগুলো গেয়ে থাকি। এছাড়া টিভি লাইভেও আমার জনপ্রিয় গানগুলোর কম্পোজিশনে আমূল পরিবর্তন করা হয়েছে। এ কারণেই এই পরিকল্পনা নেয়া।’ বর্তমান অডিও বাজারের এই মন্দা অবস্থায় ডলি সায়ন্তনী আপাতত কোন অ্যালবাম করবেন না বললেও, নিজের জনপ্রিয় গানগুলোর সংরক্ষণের জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। অডিও অ্যালবাম রেকর্ডিং-এর বাইরে ডলি সায়ন্তনী বর্তমানে চলচ্চিত্রের প্লে ব্যাকে বেশ ব্যস্ত রয়েছেন। সর্বশেষ বেশ ক’জন তরুণ সঙ্গীত পরিচালকের সুরে ছায়াছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
