রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেলে শুক্রবার রাতে মেহেদী হাসান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেহেদীর কথিত স্ত্রী ও একজন হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ। এদিকে গতকাল শনিবার মিরপুরে হাসি আক্তার নামে এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সবগুলো লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মেহেদী হাসান (২৫) নামে এক যুবক সায়মা (২০) নামে এক তরুণীকে তার স্ত্রী পরিচয় দিয়ে গত শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেটে একটি আবাসিক হোটেলের ৫০১ নম্বর কক্ষে উঠেন। এরপর রাত তিনটার দিকে মেহেদী অসুস্থ হয়ে পড়লে হোটেলের লোকজনের সহায়তায় সায়মা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, ঢাকা মেডিক্যালে যাওয়ার পর পুলিশ মেহেদীর কথিত স্ত্রী সায়মাসহ দুইজনকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া সায়মা তার প্রকৃত স্ত্রী কি-না সেটা যাচাই করা হচ্ছে। হোটেলের ম্যানেজার সাদেকুর রহমান জানান, দুপুরে ভাড়া নেয়ার পর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী রাজধানীর মোহাম্মদপুরের ৫/বি রাজিয়া সুলতানা সড়কের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মাকসুদ আলম।
এদিকে রাজধানীর মিরপুরে হাসি আক্তার (১৪) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তার বাবা মো. হান্নান মিয়া। পেশায় সিএনজি চালক হান্নান মিয়ার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারিতে। ঢাকায় তিন ছেলে-মেয়েসহ মিরপুরের ১২ নম্বরে ইলিয়াস মোল্লার বস্তিতে বসবাস করেন। মেয়ের সঙ্গে দুপুর দেড়টায় মোবাইলে কথা হয়েছে উল্লেখ করে হান্নান মিয়া বলেন, স্থানীয় রোকশানা গার্মেন্টসে তার মেয়ে কাজ করতো। তিন ছেলে-মেয়ের মধ্যে হাসি তৃতীয়। হান্নান মিয়া জানান, দুপুরে খেতে বাসায় আসেন তিনি। সময় তখন আনুমানিক আড়াইটা। বাসায় পৌঁছে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন- তার মেয়ে হাসি আক্তার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাত্ক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলেও মেয়েকে বাঁচাতে পারেননি হান্নান। তবে কি কারণে তার মেয়ে আত্মহত্যা করতে পারে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি হান্নান। তিনি কাউকে সন্দেহও করেন না। অপরদিকে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা-৭ নম্বর সেক্টর এলাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবক (৩২) নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, পুলিশ রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। যুবকের পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিল। লাশটি মর্গে রয়েছে।
