বৈকালিক অপারেশন থিয়েটার চালু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাধারণ রোগীদের সুবিধার্থে বৈকালিক অপারেশন থিয়েটার চালু হয়েছে। গতকাল শনিবার থেকে এ সেবা কার্যক্রম চালু হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ চিকিত্সাসেবা চলবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে এ সেবা কার্যক্রম চালু করা হবে। এতে করে বর্তমান সময়ের চেয়ে আরো ৫০ শতাংশেরও অধিক সংখ্যক রোগীর অপারেশন করা সম্ভব হবে। বৈকালিক অপারেশন থিয়েটার চালু উপলক্ষে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ২০১১ সালের ১ অক্টোবর সাতটি বিভাগে বৈকালিক কনসালটেশন স্পেশালাইজ্ড সার্ভিস শুরু হয়েছিল। বর্তমানে ১৯টি বিভাগে এ চিকিত্সাসেবা দেয়া হচ্ছে। এবার রোগীদের সেবা কার্যক্রম আরো সমপ্রসারণের অংশ হিসাবে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জেনারেল সার্জারি বিভাগে বৈকালিক অপারেশন থিয়েটার চালু করা হলো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মো. রুহুল আমিন মিয়া, বেসিক চিকিত্সা অনুষদের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জুলফিকার রহমান খান প্রমুখ।