ঘরে ঘরে অটিস্টিক শিশু শনাক্তকরণ কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে মহাখালী বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ভবনে স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডি) ব্যবস্থাপনায় উক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম পর্বে সাতটি জেলার সাতটি উপজেলা এবং রাজধানীর মিরপুর থানা এলাকার ঘরে ঘরে গিয়ে অটিস্টিক শিশুদের শনাক্ত করা হবে। তিন মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান। এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী শুরু করা হবে। শনাক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন হলে দেশে কতজন শিশু অটিজমে আক্রান্ত এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত মানুষ জানতে পারবে। অটিজম সম্পর্কে না জানার কারণে আক্রান্ত শিশুরা অবহেলিত এবং কুসংস্কারের শিকার হয়ে তাদের জীবন দুর্বিষহ অবস্থা বলে বক্তারা জানান। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. এসএম ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং বিশেষ অতিথি অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক (আরসিএইচসিআইবি) ডা. মাখদুমা নার্গিস ও বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত ছিলেন। অনুষ্ঠানে শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান এনসিডি ও আর্সেনিক প্রোগ্রামের ম্যানেজার ডা. এ কেএম জাফর উল্লাহ।
