দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক অতিমাত্রায় রাজনীতি করেছে। অনেক আগেই এ বিষয়টির প্রমাণ পাওয়া গিয়েছিল। কিন্তু সরকারের মধ্যে থেকে কিছুসংখ্যক বিশ্বব্যাংক বিলাসী লোক মিসগাইড করে সরকারকে বুঝিয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু করতে হবে। গতকাল শনিবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত, দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়িকা রুহুন্নেছা রুনার সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন তালুকদার মো. ইউনুস এমপি, অভিনেতা এ.টি.এম শামসুজ্জামান প্রমুখ।
