শেয়ার বাজারের সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
গতকাল রবিবার শেয়ার বাজারের সূচক ও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিন ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেন বেড়েছে। বেড়েছে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনও। তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৬১ পয়েন্ট এবং ডিএসই-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ১১২ টাকা। যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৪৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। হাত বদল হয়েছে ২৭১টি কোম্পানির ৮ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৩১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ ৯ হাজার ৬৬৩ টাকা। লেনদেনকৃত ১৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের। বাজারের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিনকে আহবায়ক করে গঠিত কমিটির নাম নির্ধারণ করা হয়েছে পুঁজিবাজার সমন্বয় কমিটি। গতকাল এ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেন, এ কমিটি প্রতিমাসে অন্তত একটি সভা করবে, প্রয়োজনে একাধিকবার বসা হবে। শেয়ার বাজার সংশ্লিষ্ট সবাই সঠিকভাবে তাদের কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি কোথাও ত্রুটি ধরা পড়ে তা সমাধানে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে পুঁজিবাজারের স্বার্থে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে। কাজী আকরাম বলেন, বাজারে প্রধান সমস্যা হলো আস্থার অভাব। এ সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। যেহেতু বাজার একদিনেই আজকের অবস্থায় আসেনি, তাই একদিনে ঠিক হয়ে যাবে সেটি ভাবা যাবে না। রকিবুর রহমান বলেন, শরীয়াহভিত্তিক ইনডেক্স না থাকায় ইসলামী ব্যাংকগুলো বাজারে বিনিয়োগ করতে পারছে না। অথচ এ ব্যাংকগুলোর কাছে বড় অঙ্কের তহবিল রয়েছে। তাই অচিরেই শরীয়াহভিত্তিক সূচক চালুর জন্য ডিএসই’র পক্ষ থেকে কাজ করা হবে। এদিকে সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি ও তিনটি ব্রোকারেজ হাউসকে আট লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। ডিএসইর ওয়েবসাইটে গতকাল এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড ও লিগেসি ফুটওয়্যার লিমিটেড।