থামলো কেপ ভার্দে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৪
কেপ ভার্দে আইল্যান্ডের স্বপ্ন যাত্রা রুখে দিল ঘানা। আফ্রিকান নেশন্স কাপে অভিষেকে খেলতে এসে চমক উপহার দিয়েছিল কেপ ভার্দে। পোর্ট এলিজাবেথে গত শনিবার কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলের ব্যবধানে হেরে যায় ঘানার বিপক্ষে। এই জয়ে কৃষ্ণ তারকারা আগামী ৬ ফেব্রুয়ারি নেলসপ্রুটে সেমিফাইনালে লড়বে বুরকিনা ফাসো নয়তো টোগোর বিপক্ষে। গতকাল বুরকিনা ফাসো ও টোগোর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল। ঘানার হয়ে গোল দুটি করেন বদলি খেলোয়াড় ওয়াকাসো মুবারক। ডারবানে অপর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়েছে মালি। নির্ধারিত মিনিটের খেলা শেষে ১-১ গোলে সমতা ছিল। আরো অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় পেনাল্টিতে যায় ম্যাচটি। পেনাল্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ গোলে হারিয়ে দেয় মালি। ডারবানে ৬ ফেব্রুয়ারিতেই সেমিফাইনালে মালির প্রতিপক্ষ হবে আইভরিকোস্ট নয়তো নাইজেরিয়া। টোকেলো রানটিয়ের গোলে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মালির সেডু কিয়েটা ৫৮ মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসেন। দক্ষিণ আফ্রিকার প্রথম পেনাল্টি শ্যুট নেন সিফিউই সাবালালা। তিনি সফল হলেও পরের তিনজন গোল করতে ব্যর্থ হন। কেপ ভার্দের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল বাছাই পর্ব থেকে। ক্যামেরুনকে হারিয়ে তারা প্রথমবারের মত আফ্রিকান নেশন্স কাপের মূল পর্বে খেলতে আসে। গ্রুপ পর্বে তারা দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিপক্ষে ড্র করে। অ্যাঙ্গোলাকে তারা হারিয়ে দেয় ২-১ গোলের ব্যবধানে। গ্রুপে (গ্রুপ এ) দ্বিতীয়স্থান অধিকার করে কেপ ভার্দে শেষ আটে খেলতে আসে। কোয়ার্টার ফাইনাল ঘানা ২ কেপ ভার্দে আইল্যান্ড ০ দক্ষিণ আফ্রিকা (১) ১-১ (৩) মালি