ডেভিস কাপে ব্রাজিলের চমক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
ডেভিস কাপের প্রথম রাউন্ডে গত শনিবার ফ্লোরিডায় দ্বৈত র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার জুটি আমেরিকার বব ব্রায়ান এবং মাইক ব্রায়ানকে হারিয়ে দিয়েছেন ব্রাজিলের মার্সেলো মেলো এবং ব্রুনো সোয়ারেজ। অন্যদিকে সার্বিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা এবং কাজাখস্তান ইতোমধ্যে জায়গা করে নিয়েছে শেষ আটে। ১০২ বছরের পুরাতন টেনিসের দলগত প্রতিযোগিতার সবচে মর্যাদাপূর্ণ আসর ডেভিস কাপের ২০১৩ সালের আসরের প্রথম রাউন্ড গত শুক্রবার থেকে শুরু হয়েছে বেশ কয়েকটি দেশ জুড়ে। আমেরিকার ফ্লোরিডায় টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই আমেরিকা মুখোমুখি হয় ল্যাটিন দেশ ব্রাজিলের। গত শুক্রবার অনুষ্ঠিত দুটি এককে দুই ব্রাজিলিয়ানকে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আমেরিকানরা। তাই অনেকেই ভেবে রেখেছিলেন গত দ্বৈত ম্যাচে ব্রাজিলকে হারিয়ে একদিন বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তারা। কারণ দুই ব্রাজিলিয়ান মেলো এবং সোয়ারেজের চেয়ে পরিষ্কারভাবেই এগিয়ে ছিলেন মাত্রই অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ দ্বৈতে শিরোপা জেতা ব্রায়ান ভ্রাতৃদ্বয়। তাছাড়া ডেভিস কাপে তাদের সাম্প্রতিক রেকর্ডও ছিল তাদের পক্ষে। ২০০৮ সালের পরে ডেভিস কাপে একবারও হারেননি তারা। তবে এসব তথ্য-উপাত্তকে উড়িয়ে দিয়ে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলিয়ান জুটি ছিলেন দারুণ উজ্জীবিত। ৭-৬ গেমে প্রথম সেটটা জেতার পরে স্বাগতিকদের বিরুদ্ধে আরো আগ্রাসী হয়ে ওঠেন তারা। শেষ পর্যন্ত ৩ ঘন্টা ২৯ মিনিটের দারুণ এক লড়াই শেষে ৭-৬, ৬-৭, ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে ম্যাচটি জিতে নেন তারা। অবশ্য এখনো কোয়ার্টার ফাইনালের আশা শেষ হয়ে যায়নি আমেরিকার। এজন্য শেষ দুটি একক ম্যাচে জন ইসনার অথবা স্যাম কোয়েরিকে জিততে হবে নিজেদের ম্যাচে। এদিকে পুরুষ এককের এক নাম্বার খেলোয়াড় নোভাক জকোভিচের দেশ সার্বিয়া বেলজিয়ামকে ৩-০ ব্যবধানে হারিয়ে এরই মধ্যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। নিজ নিজ খেলায় সার্বিয়ার সবাই জয় পেয়েছেন। জকোভিচ শুক্রবার নিজের খেলায় হারান বেলজিয়ামের ওলিভিয়ের রকাসকে। ওদিকে টুর্নামেন্টের আট নাম্বার বাছাই কাজাখস্তান নিজেদের মাটিতে অস্ট্রিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে রজার ফেদেরাবিহীন সুইজারল্যান্ড অথবা চেক প্রজাতন্ত্র। নিজ নিজ খেলায় জয় পেয়ে শেষ আটে পা রেখেছে আর্জেন্টিনা এবং ফ্রান্সও। নিজ নিজ দেশে অনুষ্ঠিত খেলায় তারা হারায় জার্মানি এবং ইসরাইলকে। শেষ আটে পরস্পরের মুখোমুখি হবে তারা।