বায়ার্ন মিউনিখ যেন গতবারের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য মরীয়া হয়ে ছুটে চলেছে। দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার মারিও মান্ডজুকিচের জোড়া গোলে ভর করে গত শনিবার জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারায় স্বাগতিক মেইঞ্জকে। বায়ার্ন পয়েন্ট টেবিলে ২০ খেলা শেষে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন ৩৭ পয়েন্ট অর্জন করেছে এক ম্যাচ কম খেলে। গতকাল রবিবার বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড বায়ার লেভারকুসেনের মোকাবেলা করেছে। ডর্টমুন্ড ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মান্ডজুকিচ ১৪ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। ম্যাচে অপর গোল করে থমাস মুলার। লিগে মুলারের এটি ১১তম গোল। চলতি মৌসুমে বায়ার্ন বাইরের মাঠে দশ ম্যাচের নয়টিতে জয় পেয়েছে। একটি গোলও তারা হজম করেনি।
শনিবারের ফল
ফরচুনা ডুসেলডর্ফ ৩ স্টুটগার্ট ১
মেইঞ্জ ০ বায়ার্ন মিউনিখ ৩
শালকে ১ গ্রুথার ফার্থ ২
হফেইনহ্যাম ২ ফ্রিবুর্গ ১
ভলভসবুর্গ ১ অসবুর্গ ১
হামবুর্গ ০ ফ্রাঙ্কফুর্ট ২
