নিরাপদ কর্মস্থলের দাবিতে শ্রমভবন ঘেরাও

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
তাজরিন ফ্যাশন ও স্মার্ট গার্মেন্টসের মালিকদের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার, ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল রবিবার শ্রম ভবন ঘেরাও করে গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে তাজরিন ও স্মাট গার্মেন্টসের মালিকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসঙ্গে ঘটনার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদেরও অপসারণের দাবি জানিয়ে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এসব দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল দুপুরে গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়স্থ শ্রমভবন ঘেরাও করেন। ভবনের প্রধান ফটকে সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ও মালিকদের অবহেলার কারণে গার্মেন্ট কারখানায় একের পর এক অগ্নিকাণ্ড ও শ্রমিক হত্যা অব্যাহত রয়েছে, ফলে গার্মেন্ট শিল্প ক্রমান্বয়ে হুমকির মুখে পড়ছে। সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা। তারা বলেন, আজ ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় গাজীপুর চৌরাস্তা থেকে পদযাত্রা। ৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মিরপুর ১০নং গোলচত্বর থেকে পদযাত্রা। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় আশুলিয়ার তাজরিন গার্মেন্টের সামনে থেকে পদযাত্রা ও বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহীদ মিনার থেকে পদযাত্রা। ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নাবিস্কো মোড় থেকে পদযাত্রা। বক্তারা বলেন, আগুনে পুড়ে নিহত শ্রমিকদের সমস্ত জীবনের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিত্সার ব্যবস্থা করতে হবে। কর্মস্থলে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের অপসারণ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফ মিশু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এম. দেলোয়ার হোসেন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা জুলহাস নাইন বাবু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।