রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নূরে আরা আশরাফীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আশরাফীর স্বামী ফয়সাল লিয়াকতকে আটক করেছে। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে আশরাফী আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভাটারা থানার এসআই আমিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ৩ নম্বর সড়কের চন্দনা প্যারাডাইস নামের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে আশরাফীর মৃত্যু হয়। রবিবার সকালে পুলিশ আশরাফীর মৃত্যুর খবর পায়।
পুলিশের কাছে ফয়সাল জানান, আশরাফী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন। তিনি আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আর্থিক অনটনে পড়াশুনা শেষ করতে পারেনি। তারা দুই জনই টিউশনি করতেন। শনিবার সন্ধ্যার দিকে ফয়সাল টিউশনিতে চলে যান। রাত ৯টার দিকে বাসায় এসে দেখেন দরজা ভিতর থেকে অটোলক করা। ডাকাডাকি করে খুলে না দিলে তিনি নিজের কাছে রাখা চাবি দিয়ে দরজা খোলেন। ড্রইং রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আশরাফীর লাশ ঝুলতে দেখেন। তার দাবি, দাম্পত্য কলহের জের ধরে আশরাফী আত্মহত্যা করেছে।
