১৫৭ দেশে ৮৫ লাখ বাংলাদেশি কর্মরত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
গত পাঁচ বছরে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলে জমার পরিমাণ হচ্ছে প্রায় পৌনে পাঁচশত কোটি টাকা। এ টাকা প্রবাসীদের জন্য ব্যয় করা হয়। বর্তমান সরকারের মেয়াদে এ পর্যন্ত বিভিন্ন কারণে প্রায় পৌনে দুই লাখ শ্রমিক দেশে ফেরত এসেছেন। আর ১৫৭টি দেশে প্রায় ৮৫ লাখ বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছেন। দু’দিন বিরতির পর গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সংসদকে এসব কথা জানান। বিরোধী দল বিহীন অধিবেশনের গতকাল ছিলো চতুর্থ কার্যদিবস। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। বেগম নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সংগৃহীত অর্থের পরিমাণ ৪৭১ কোটি ২০ লাখ দুই হাজার ৮১১ টাকা। ২০০৮ সালের পর টাকার পরিমাণ নিম্নমুখী হলেও গত বছর বেড়েছে। একই বিষয়ে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের সভায় তহবিল থেকে ভবিষ্যতে আর কোন স্কুল/মাদ্রাসায় অনুদান প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিএম আবুল কাশেমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০ এবং ২০১১ বছরে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিকট থেকে ১৭ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হচ্ছে এক লাখ ২৯ হাজার ৯৯ কোটি টাকা। বিগত চারদলীয় জোট সরকারের প্রথম চার বছরে বিদেশে কর্মী প্রেরণের সংখ্যা ছিলো নয় লাখ ৭৭ হাজার ৯১৫ জন। বর্তমান সরকারের চার বছরে ২০ লাখ ৪১ হাজার ৮৪০ জন কর্মী প্রেরণ করা হয়েছে। মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশের প্রায় ৮৫ লাখ কর্মী রয়েছেন। জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত জনশক্তি প্রেরণের হার বাড়ানোর লক্ষ্যে প্রতিনিধি দল ৩৭টি দেশ সফর করেছে। এতে করে নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। আগের ৭৫টি দেশের স্থলে বর্তমানে ১৫৭টি দেশে বাংলাদেশি কর্মীরা কাজ করছে। আগের সরকারের জালিয়াতির কারণে মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় চার বছর বন্ধ ছিলো। শীঘ্রই মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ শুরু হবে।