গোপালগঞ্জে ড্র করলো মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
গোপালগঞ্জে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে নিজেদের ‘হোম’ ভেন্যুতে পাঁচ ম্যাচ অপরাজিত থাকলো মুক্তিযোদ্ধাদের দলটি। গতকাল রোববার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলাটি শুরু হলে ঢাকার দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শুরুতে ব্রাদার্সকে চেপে ধরে। একের পর এক আক্রমণ চালায় এবং ২২ মিনিটে রাইট ব্যাক লিটনের কাছ থেকে বল পেয়ে মুক্তিযোদ্ধার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টাইসন সিলভা দুর্দান্ত শর্টে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দু’দল গোল করার সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ব্রাদার্স ইউনিয়ন বিরতির পর আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। এরই সুবাদে ৮০ মিনিটের সময় আব্দুল খালেকের ক্রসে কমল ইসলাম মুক্তিযোদ্ধার জালে বল পাঠিয়ে সমতা আনেন। শেষ ১০ মিনিট মুক্তিযোদ্ধা চড়াও হয়ে খেলেও আর কোন গোল করতে পারেনি। শেষ মিনিটে ব্রাদার্সের ফরোয়ার্ড কিং-এর শট মুক্তিযোদ্ধার ক্রসবারে লেগে ফিরে আসে। রেফারী তৈয়ব হাসানকে গালিগালাজ করায় মুক্তিযোদ্ধার ইউসুফকে লাল কার্ড দেখানো হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারীর ওপর খেলোয়াড়রা চড়াও হতে গেলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।