এক ঘন্টা পিছিয়ে দেয়া হল বিপিএল ম্যাচ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলের দুপুর আড়াইটার খেলা এখন থেকে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে। আর সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সময় পরিবর্তনের কারণ হিসেবে গেম অন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলীন বলেন, ‘দুপুরে খেলা হলে দর্শকরা অনেক সময় জ্যামের কারণে সময়মত মাঠে আসতে পারে না। কিংবা দুপুরে খাওয়া-দাওয়ার একটা ব্যাপার থাকে। এক ঘন্টা পিছিয়ে দেয়ার কারণে দর্শকদের জন্য একটু সহজ হবে আশা করছি। তারাও সময়মত মাঠে উপস্থিত হতে পারবে’। বিপিএলের উচ্চমূল্য টিকিটের কারণে ঢাকার প্রথম পর্বের খেলাগুলো একপ্রকার দর্শক শূন্য ছিল মাঠ। একই অবস্থা ছিল খুলনাতেও। খুলনাতে অবশ্য টিকিটের দাম কমিয়ে দেয়া হয়েছিল। তারপরও মাঠে দর্শক আসেনি। তবে ব্যতিক্রম ছিল চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে তিল পরিমাণে জায়গা ছিল না। তবে গেম অন আশা করছে, টিকিটের দাম কমিয়ে এবং সময় পেছানোয় মিরপুরেও দর্শক হবে। উল্লেখ্য, বিপিএলের সর্বনিম্ন টিকিটের মূল্য দুশো টাকা। দর্শকদের জন্য অবশ্য টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেস উপহারের ব্যবস্থা রেখেছে। ইতোমধ্যে ওয়ালটনের সৌজন্যে প্রতিদিন ম্যাচ শেষে টেলিভিশন ও ফ্রিজ পুরস্কার দেয়া হচ্ছে। এছাড়া সেরা মুখ ও সেরা দর্শককেও বাছাই করে পুরস্কারের ব্যবস্থা রেখেছে তারা। বাড়তি পুরস্কার হিসেবে রয়েছে ওয়ালটনের মোটরসাইকেলও।