প্রসঙ্গ বয়ান

‘ক্ষ’ বিতর্ক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৯
সম্প্রতি ‘ক্ষ’ নামের একটি ব্যান্ড দল আমাদের দেশের জাতীয় সংগীত মডার্ন কম্পোজিশনে গেয়ে তা ইউটিউবে আপলোড করলে রেকর্ড সংখ্যক অর্থাত্ প্রায় ৫ লাখ দর্শকেরা হিট করে। এ নিয়ে ব্যান্ড দলটির মূল ভোকাল সোহিনী আলম বলেন, ‘আমরা গানটাকে নিজেদের শ্রদ্ধার জায়গায় রেখেই গাওয়ার চেষ্টা করেছি। কোনো রকম বিতর্ক তৈরির জন্য নয়।’ এই আধুনিক রবীন্দ্রসংগীত নিয়ে প্রথমে মিতা হকসহ বেশ ক’জন মূলধারার রবীন্দ্রসংগীতশিল্পী ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আধুনিক গানের শিল্পী তথা ব্যান্ড তারকারাও পাল্টা জবাব দেন ফেসবুকে। সাম্প্রতিক এই আলোচনা নিয়েই ‘ক্ষ’ ব্যান্ডদলের গান ও গায়কী নিয়ে ‘প্রসঙ্গ বয়ান’-এ তাই মূলধারার রবীন্দ্রসংগীত শিল্পী ও আধুনিক গানের শিল্পীরা। গ্রন্থনা করেছেন রবি হাসান প্রথমত আমি এ বিষয়ে তেমন কিছু বলতে রাজি নই। আমি সাধুবাদ জানাই ‘ক্ষ’ ব্যান্ডদলটিকে। তাদের গায়কীর জন্য। পাশাপাশি এও বলছি, তাদের গান ইউটিউব বা ফেসবুকে যে ৪ লাখের ওপরের হিট হয়েছে এটাই বড় বিষয়। কিন্তু আমি দেখতে চাই এই ব্যান্ড দলটির সিডি বের হলে এই চার লাখ শ্রোতারা কোথায় যায়। নয়তো এই সাক্সেসের কোনো অর্থ হয় না। ফ্রি মিডিয়া দিয়ে কোনো কিছু বিচার করে লাভ নেই। তারা আলোচনা, তর্ক-বিতর্ক যা কিছু করেই হোক না কেন তাদের পরিবেশনা আমার ভালো লেগেছে। বাকিটা তাদের সিডি রিলিজ হলে মন্তব্য করতে চাই। মাকসুদ, মাকসুদ ও ঢাকা ব্যান্ডের ভোকাল আমি গানটা শুনেছি, আমার কাছে গানটা খারাপ লাগেনি। বিকৃতির কী আছে আসলে সেটা আমি বুঝলাম না। এই পুরো গানটা জাতীয় সংগীত কি না সেটা আমি জানি না, দ্বিধায় আছি। আমি যতটুকু জানি প্রথম অন্তরাটুকু জাতীয় সংগীত, পুরোটা বোধহয় নয়। আর এটাতো ফেসবুক ও ইউটিউবে প্রকাশ হয়েছে অনেকদিন আগে। যদি তেমন কিছু হতো তাহলে সরকার পক্ষ থেকেই আপত্তি জানাত। তারা তো কেউ আপত্তিও জানায়নি। আমি একজন শিল্পী হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে গানটি খুবই ভালো হয়েছে এবং এতে দোষের কিছু দেখি না। পার্থ বড়ুয়া, সোলস ব্যান্ডের ভোকাল আমি অনেকের কাছ থেকেই এই গানের সাধুবাদ শুনেছি। ভারতের ‘বন্দে মাতা রাম’ গানটি কতভাবে হলো, কেউ ক্ল্যাসিক্যাল, কেউ রক, কেউ ব্যান্ড আবার কেউ আধুনিকভাবে করেছে। যার যার জায়গা থেকে যথেষ্ট সম্মান জানিয়ে ভিন্ন ভিন্নভাবে গানটিকে করেছে। এবং অনেকবার করা হয়েছে সেই গানটি। তারা যদি একেকভাবে করে মেনে নিতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়! আমি মনে করি ঠিক এ রকমই ‘ক্ষ’ ব্যান্ড বলে তারা ব্যান্ডের মতো করেই করার চেষ্টা করেছে। তারা যথেষ্ট সম্মানের সঙ্গে কাজটি করেছে। আমি মনে করি তারা এটা করতেই পারে। এটাকে আমিও সাধুবাদ জানাই। তারা তাদের মতো করে আমাদের সোনার বাংলাকে সম্মান জানিয়েছে। আমার নিজস্ব বক্তব্য হলো আমি আমার সোনার বাংলাকে সম্মান জানাতে আমার প্যাটার্ন থেকে ট্রাই করতেই পারি, সে ব্যান্ডের গান করে তার বহিঃপ্রকাশ তার ভাষাতে হতেই পারে। ফেসবুকে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। আর এটা যখন এত বড় ইস্যু নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে। যে কারণে তারা আলোচনায় আসতে পেরেছে। ফাহমিদা নবী, সংগীতশিল্পী ওদের গানটি নিয়ে আমিও কিছু আলোচনা-সমালোচনা শুনেছি, আমার কথা একটাই যেহেতু গানটি আমাদের জাতীয় সংগীত তাই আরও একটু সচেতন হওয়া প্রয়োজন ছিল। মেয়েটির গায়কী আমাকে মুগ্ধ করেছে। আমি নিজেও আধুনিকায়নে বিশ্বাসী। তবে মৌলিকতা নষ্ট করে নয়। সাদী মহম্মদ, রবীন্দ্রসংগীতশিল্পী আমি ঘটনাটি শুনেছি ২ তারিখে। তখনও গানটি শুনিনি, ঘটনা শোনার উপর ফেসবুকে একটি নোট দিয়েছি। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি গানটি শুনেছি কি না। তখন বলেছিলাম বিকৃতি যদি কেউ করলে তো আর পার পাবে না। আর বিকৃতি হয়েছে কি হয়নি সেটা আমি জানি না। তবে বিকৃতি হলে কোনোমতেই পার পাবে না। তার পরদিন গানটি আমি শুনেছি, শুনে মনে হয়েছে যে তারা তো আমাদের জাতীয় সংগীতের কোনো কিছুই পরিবর্তন করেনি। তারা ইনস্ট্রুমেন্টাল দিয়েও গানের সুরটাই তুলে ধরেছে। আমার কাছে বিকৃতি বলে মনে হয়নি। আমি যদি শুদ্ধ সংগীতের চর্চা করে থাকি, যদি দুই বাংলায় আমার পরিচিতি থেকে থাকে তাহলে আমি বলব গানটি বিকৃতি হয়নি। বিকৃতি মানে মূল গানটার চ্যাপটারটাই নষ্ট করে দেওয়া, পরিবর্তন করে ফেলা। তার ভাবমূর্তি নষ্ট করা। ‘ক্ষ’ ব্যান্ড যথেষ্ট ভালো গেয়েছে। মিতা হক, রবীন্দ্রসংগীতশিল্পী যদি এটাকে একটা গান মনে করি তখন এটা ঠিক আছে, যথেষ্ট সুর ও আবেগ দিয়ে গেয়েছে। কিন্তু যখন একটা জাতীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের প্রশ্ন আসে তখন আমরা পরিবর্তন করতে পারব না। সে গানের মাঝখান থেকে শুরু করেছে। এটা মনে হয় ঠিক হয়নি। ‘ক্ষ’ গানটা খুবই সুন্দর করে গেয়েছে। আমরা যারা রবীন্দ্রসংগীত নিয়ে পড়ালেখা করি সেখান থেকে বলব যে, আমাদের কোনো রাইট নেই যে রবীন্দ্রনাথের গানকে এভাবে মাঝখান থেকে গাওয়া। এটাকে ঠিক মনে করি না। অণিমা রায়, রবীন্দ্রসংগীতশিল্পী