বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও বেড়েছে সূচক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৭
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বস্ত্র ও বীমা খাতের মোট ৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৫টির। অন্য খাতগুলোতেও একই অবস্থা বিরাজমান ছিল। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও দিনশেষে ডিএসই সূচক কিছুটা বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) শূন্য দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৪ দশমিক ৬২ পয়েন্ট আর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসই- ৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৭৯৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি ৭২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে মোট ২৬৮টি কোমপানির ৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৪১৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। ডিএসই’র সূত্র জানিয়েছে, গতকাল থেকে দেশের দুই পুঁজিবাজারে জ্বালানি খাতের সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। ৫২ টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। সর্বোচ্চ ৫৮ টাকা এবং সর্বনিম্ন ৫০ টাকায় লেনদেন হয়ে দিনের সর্বশেষ লেনদেন হয়েছে ৫৭ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৫ হাজার ৬০০টি শেয়ার ৯৩ হাজার ৮৯২ বার হাতবদল হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে প্রতিষ্ঠানটির মোট ২ কোটি ৬০ লাখ ৫৯ হাজার বা ২৪.৫২ শতাংশ শেয়ার রয়েছে। এদিকে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের জন্য গতকাল জাপানের একটি ব্যবসায়ী দল ডিএসই’র কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। দলটির মধ্যে ছিলেন জাপানের নমুরা অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান টামন ওয়াটানাবি, সিকানাই এন্ড কোম্পানির চেয়ারম্যান হিরুআকি সিকানাই, কাইকম হোল্ডিং কোম্পানির পরিচালক কাজু ইয়োসিমুরা এবং ইউনিকা সফটওয়্যার অ্যান্ড সিস্টেমের প্রেসিডেন্ট ইমরান শরীফ। ডিএসই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমদ রশীদ লালী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) শুভ্রকান্তি চৌধুরী। বৈঠকে জাপানের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের পুঁজিবাজার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। ডিমিউচুয়ালাইজেশন কার্যক্রমের অগ্রগতি, অনলাইনভিত্তিক লেনদেনের জন্য এমএসএ প্লাস সফটওয়্যার স্থাপন এবং সমপ্রতি এসঅ্যান্ডপি’র পদ্ধতি অনুযায়ী নতুন সূচক চালু করার ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়।