জানুয়ারিতে জনশক্তি রফতানি কমলেও বেড়েছে রেমিট্যান্স

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
চলতি ২০১৩ সালের জানুয়ারিতে জনশক্তি রফতানি কমেছে আশঙ্কাজনকহারে। এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় জনশক্তি রফতানি কমেছে ৪৬ শতাংশ। অন্যদিকে এ মাসে আগের মাস বা গত বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ১৩১ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের মাস ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৮ কোটি ৭৩ লাখ ডলার। আর গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১২২ কোটি ১৪ লাখ ডলার। একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গতবছরের অক্টোবর মাসে। সে সময়ে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলারের সমপরিমান রেমিট্যান্স এসেছিল। অন্যদিকে বছরের প্রথম মাসে গত বছরের একই মাসের তুলনায় জনশক্তি রফতানি কমেছে। চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন চাকুরীর জন্য বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে ৩৬ হাজার ৬৭৩ জন আর গত বছরের একই মাসে গিয়েছিল ৬৭ হাজার ৭৩৮ জন। বিএমইটি বলছে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রফতানি কমে যাওয়ার কারণেই সার্বিকভাবে জনশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, আলোচ্য সময়ে রাষ্ট্রয়াত্ব চারটি ব্যাংকের মাধ্যমে প্রায় ৪৪ কোটি ৫৩ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৪ লাখ ডলার, বেসরকারি মালিকানাধীন বাংকগুলোর মাধ্যমে ৮৩ কোটি ৩৬ লাখ ও বিদেশী মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় দুই কোটি ডলার রেমিট্যান্স এসেছে। একক ব্যাংক হিসাবে বরাবরের মত গত মাসেও বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারী খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে।