ডেল স্টেইনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ওয়ান্ডারার্স টেস্টে ২১১ রানের বড় ব্যবধানেই হারতে হল সফরকারী পাকিস্তানকে। এর ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম ইনিংসে নিজেদের দলীয় সর্বনিম্ন ৪৯ রানে অলআউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৪৮০ রানের বড় লক্ষ্যের পিছু ধাওয়া করা পাকিস্তান কিছুটা হলেও দৃঢ়তা দেখায়। চার উইকেটে ১৮৩ রানে তৃতীয় দিন শেষ করা পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহ উল হক গতকালও দিনের শুরু করেন বেশ সাবধানী ভঙ্গিতেই। তবে নিজের শততম টেস্টে অধিনায়কত্ব করতে নামা গ্রায়েম স্মিথ বোলিংয়ে ডেল স্টেইনকে আনার পরেই পাল্টে যায় ম্যাচের চিত্র।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে একদমই সময় নেননি পাকিস্তানের প্রথম ইনিংসের মূল হন্তারক এই পেসার। আগের দিন মাত্র একটি উইকেট নেয়া স্টেইন আগুন ঝরাতে থাকেন তার প্রথম বল থেকেই। সাফল্যও পেয়ে যান দ্বিতীয় ওভারেই। আসাদ শফিককে ব্যক্তিগত ৫৬ রানে ক্যালিসের ক্যাচ বানিয়ে ভেঙ্গে দেন ১২৭ রানের জুটি। যা কিনা ম্যাচে পাকিস্তানের পক্ষে একমাত্র শতরানের জুটি। শফিক আউট হওয়ার পরে উইকেটে বেশীক্ষণ থাকতে পারেননি মিসবাহও। ম্যাচে উইকেট কিপার এ বি ডি ভিলিয়ার্সের নবম ক্যাচে পরিণত হওয়ার আগে মিসবাহ করেন ইনিংস সর্বোচ্চ ৬৪।
এরপর নিচের দিকের ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পেস আক্রমণের মুখে খুব বেশীক্ষণ টিকে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে। ইনিংসের ১০০তম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৬৮ রানে।
শেষ চারটি উইকেটের মধ্যে স্টেইন দখল করেন আরও দুটি। ফলে প্রথম ইনিংসে মাত্র আট রানে ছয় উইকেটের সাথে দ্বিতীয় ইনিংসের পাঁচ উইকেট নিয়ে ম্যাচে এই পেসারের বোলিং ফিগার দাঁড়ায় ৬০ রানে ১১ উইকেট। যা কিনা তার ক্যারিয়ার সেরা বোলিং। স্টেইনের তো বটেই; টেস্ট ইতিহাসেই এর চেয়ে কম রানে ১১ উইকেট নেয়ার রেকর্ড আছে মাত্র চারটি। ১৯৩২ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই অস্ট্রেলিয়ার হাবার্ট আয়রনমঙ্গার মাত্র ২৪ রানে ১১ উইকেট নিয়ে এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন।
স্টেইনের দিনে রেকর্ডের অংশীদার হয়েছেন তার স্বদেশী ভিলিয়ার্সও। গত বেশ কিছুদিন ধরেই উইকেটের পেছনে দায়িত্ব পালন করা এ মিডল অর্ডার ব্যাটসম্যান পুরো ম্যাচে তালুবন্দী করেছেন ১১টি ক্যাচ। যা কিনা কোন টেস্টে একজন উইকেট রক্ষকের জন্য সর্বোচ্চ। ভিলিয়ার্সের আগে ইংল্যান্ডের সাবেক উইকেট রক্ষক জ্যাক রাসেলের একার হাতে ছিল রেকর্ডটি।
এর আগে ২৫৩ রানে প্রথম ইনিংস শেষ করার পরে তিন উইকেটে ২৭৫ রান করে স্মিথ দলের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭৫ রানের।
সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১৪ তারিখ কেপটাউনে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৪৯ এবং ২৬৮ (মিসবাহ ৬৪, শফিক ৫৬; স্টেইন ৫/৫২)
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ এবং ২৭৫ (ভিলিয়ার্স ১০৩*, আমলা ৭৪*; গুল ২/৫৮)
ম্যান অব দ্য ম্যাচ: ডেল স্টেইন
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ২১১ রানে জয়ী
